সরকারে এলে বিরামপুর জেলা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর, ২৩ ডিসেম্বর। ছবি: আলমগীর হোসেন
নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর, ২৩ ডিসেম্বর। ছবি: আলমগীর হোসেন

নৌকা মার্কায় ভোট পেয়ে সরকার গঠন করলে বিরামপুরকে জেলা করা যায় কি না, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যদি উপযুক্ত হয়, তবে আমরা বিবেচনা করব।’

আজ রোববার দিনাজপুরের বিরামপুরে নির্বাচনী পথসভায় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রার্থী শিবলী সাদিক দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘জেলা করতে হলে লোকসংখ্যা কত, তা দেখতে হয়; কত মানুষ কর দিতে পারে, কর দেওয়ার উপযুক্ত কি না, সেটার হিসাব নিতে হয়। এ রকম অনেক কাজ আছে। সেগুলো করে বিবেচনা করে তখনই দেখা হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উন্নয়ন আমরা ব্যাপকভাবে করছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি, রাস্তাঘাট দিচ্ছি, স্কুল-কলেজ, প্রত্যেক উপজেলায় ফায়ার সার্ভিস, একটি করে মসজিদ, মিনি স্টেডিয়াম করে দেব। উপজেলাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেন, আমরা আপনাদের জন্য আরও উন্নতি এনে দেব। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে সমৃদ্ধি পেয়েছেন, উন্নতি পেয়েছেন। আজ বাংলাদেশ ক্ষুধামুক্ত, ইনশা আল্লাহ দারিদ্র্যমুক্ত করব।’

ভাষণের একপর্যায়ে দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিবলী সাদিকের হাত তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘শিবলী সাদিককে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেটাই আবেদন।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা ধানের শীষ চাই না। যারা মানুষ খুন করে, আগুন দিয়ে মানুষ পোড়ায়, দুর্নীতি করে, এতিমের হক নষ্ট করে, বাংলার মানুষ তাকে চায় না, চায় নৌকা। নৌকা দেবে উন্নতি, নৌকা দেবে সমৃদ্ধি।’

দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, বিরামপুরে শেখ হাসিনার পথসভার সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া হয়। দুপুর ১২টার দিকে নেতা-কর্মীরা জানতে পারেন পীরগঞ্জে জনসভা শেষে শেখ হাসিনা নবাবগঞ্জ হয়ে বিরামপুরে পথসভা করবেন।

বিকেল ৫টা ২০ মিনিটে বিরামপুর ঢাকা মোড়ে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনের খবরে মুহূর্তের মধ্যে হাজারো মানুষ নৌকার ব্যানার-পোস্টারের পাশাপাশি ‘বিরামপুর জেলা চাই’ সংবলিত ব্যানার-পোস্টার নিয়ে বিরামপুর ঢাকা মোড়ে জড়ো হন। দীর্ঘদিন থেকে বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে বিরামপুরে জেলার দাবিতে এলাকার মানুষ আন্দোলন করে আসছেন।