‘সামনাসামনি গণিত উৎসবে অংশ নিয়ে খুবই ভালো লাগছে’
সকাল ছয়টা থেকেই জাতীয় গণিত উৎসবে হাজির শিক্ষার্থীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তারা। শিক্ষার্থীরা বলছে, করোনার কারণে গত দুই বছর সামনাসামনি এই উৎসবে তারা অংশ নিতে পারেনি। এবার জাতীয় উৎসব সামনাসামনি হওয়ায় তারা বেশ খুশি।
সকাল থেকেই উৎসবস্থলে আসতে থাকেন শিক্ষার্থীসহ অভিভাবকেরা। বেশির ভাগ শিক্ষার্থী ও অভিভাবককে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে উৎসবে অংশ নিতে দেখা গেছে। রাজশাহী থেকে এসেছে রাজশাহী কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী হাসিন আনজুম। তার প্রিয় বিষয় গণিত। হাসিন প্রথম আলোকে বলে, ‘তৃতীয়বারের মতো গণিত উৎসবে অংশ নিচ্ছি। তবে গত দুবার অনলাইনে অংশ নিয়েছিলাম। অনলাইনে অংশ নেওয়াতে গণিত উৎসবে অংশ নেওয়ার আসল মজাটা পাওয়া যায় না।’
চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের ২১ শিক্ষার্থী জাতীয় গণিত উৎসবে এসেছে। তাদের সঙ্গে শিক্ষক হারুন অর রশীদ ছিলেন। শিক্ষার্থীদের একজন আবদুল্লাহ আল আলিফ প্রথম আলোকে বলে, ‘২০১৬ সাল থেকে গণিত উৎসবে অংশ নিচ্ছি। তবে করোনার কারণে গত দুই বছর গণিত উৎসবে অংশ নিতে পারিনি। এবার সামনাসামনি উৎসবে অংশ নিচ্ছি। খুবই ভালো লাগছে।’
রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২২’। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় নিবন্ধন। দেশের আটটি বিভাগীয় স্টল থেকে শিক্ষার্থীদের উৎসবসামগ্রী দেওয়া হয়।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। চলতি বছরে গণিত অলিম্পিয়াডের জন্য অনলাইনে ৪১ হাজার ৩৫০ শিক্ষার্থী নিবন্ধন করে। পরে তিন ধাপে—অনলাইন বাছাই অলিম্পিয়াড, আঞ্চলিক অলিম্পিয়াড ও বিভাগীয় অলিম্পিয়াড হয়। বিভাগীয় অলিম্পিয়াডের বিজয়ী ৯০৯ জনকে নিয়ে আজ শুক্রবার চলছে জাতীয় গণিত উৎসব।
সকাল পৌনে নয়টার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে গণিত উৎসব শুরু হয়। জাতীয় সংগীতের পর বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সভাপতি প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও সদস্য প্রয়াত অধ্যাপক আনোয়ার হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের উপাধ্যক্ষ ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও বলেন, ‘স্বপ্ন ছাড়া জীবন অচল। স্বপ্নের মাঝে আমরা বেঁচে থাকি। দেশের আনাচকানাচে যারা গণিত জগতে উঠে আসার জন্য এ উদ্যোগ নিয়েছে তাদের সাধুবাদ জানাই।’
ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও আরও বলেন, ‘মানুষের প্রতিদিনের জীবনে গণিত ও বিজ্ঞানের মধ্য দিয়েই আমরা বাস করছি। যা কিছু আমরা ব্যবহার করছি, আছে সব গণিত ও বিজ্ঞানের অবদান। গণিত হিসাব করতে সাহায্য করছে, আর বিজ্ঞান নতুন কিছু তৈরি করছে। তাহলে আমরা কেন ভয় পাব? গণিত ও বিজ্ঞান কোনো ভয়ের বিষয় না।’
উদ্বোধনী পর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, ‘২০ বছর আগে গণিত অলিম্পিয়াড শুরু হয়েছিল। সে স্বপ্ন রাতের স্বপ্ন নয়, দিনের। এ স্বপ্নের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয়পর্যায় থেকে আন্তর্জাতিকপর্যায়ে গিয়েছে গণিতের প্রতিযোগিতায়। তারা আগামী দিনে আরও কিছু অর্জন করবে এই আশা।’
কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘দুই বছর পর সশরীর গণিত উৎসব হচ্ছে। যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। গণিত অলিম্পিয়াড আরও ভালো। একটি মোমবাতি এক শ মোমবাতি জ্বালাতে পারে। এক শ থেকে এক লাখ, লাখ থেকে ১৭ কোটি আলো জ্বালানো যায়। তোমরা হচ্ছ সেই আলো।’
উদ্বোধনীর পর শুরু হয় গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব। প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা হবে দেড় ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা হবে দুই ঘণ্টা।
পরীক্ষার পর থাকছে নৃত্য, শরীরচর্চাবিষয়ক শো, সুডোকু প্রতিযোগিতা, রুবিকস কিউব প্রতিযোগিতা, গণিতের পটের গানসহ দিনব্যাপী নানা আয়োজন।