সিদ্ধিরগঞ্জে নারী শ্রমিক নিহত হওয়ায় অবরোধ, ভাঙচুর

দুর্ঘটনা
দুর্ঘটনা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এ সময় ১০-১২টি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মালা আক্তার ওরফে মিতা সকাল গ্রুপের কৃষ্ণচূড়া ফ্যাশনের মেশিন অপারেটর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ইকবাল গ্রুপের কৃষ্ণচূড়া ফ্যাশনের পোশাক কারখানার মেশিন অপারেটর মালা আক্তার মিতুসহ কয়েকজনকে একটি বাস চাপায় দেয়। মিতুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতে তিনি মারা যান। আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা কারখানার ভেতরে ভাঙচুর চালান। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল সাড়ে ১০টার দিকে কারখানা থেকে রাস্তায় নেমে আসেন। তাঁরা ঘটনার জন্য দায়ী বাস চালকের শাস্তি ও নিহতের ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করেন। 

এ সময় তাঁরা ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। এতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে ব্যর্থ হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। নিহত মালা আক্তার মিতু নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এলাকার ফুল মিয়ার মেয়ে।

আদমজীতে অবস্থিত শিল্প-৪ পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মিতু নামের পোশাক শ্রমিক মৃত্যুর ঘটনায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে কাঁদানের একটি শেল ছোড়া হয়।