সুন্দরবনে নদে মাছ ধরতে নেমে নিখোঁজ সেই জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের মাদার নদে গতকাল মঙ্গলবার সকালে মাছ ধরতে নেমে নিখোঁজ হন জেলে কেরামত আলী গাজী
ছবি: প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের মাদার নদে মাছ ধরতে নেমে নিখোঁজ জেলে কেরামত আলী গাজীর (৪০) লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে মাদার নদের চর থেকে লাশটি উদ্ধার করা হয়। কেরামত আলী গাজী শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে তিনি নিখোঁজ হন।

আরও পড়ুন

নিখোঁজ জেলের স্ত্রী রহিমা জানান, গতকাল সকাল সাতটার দিকে তিনি ও তাঁর স্বামী কেরামত আলী গাজী সুন্দরবনের মাদার নদে বড়শি দিয়ে মাছ ধরতে যান। সকাল সাড়ে সাতটার দিকে বড়শি পানির নিচে কিছু একটাতে আটকে যায়। এর আগেই নদে জোয়ার শুরু হয়েছিল। একপর্যায়ে বড়শি ছাড়াতে তাঁর স্বামী পানিতে নেমে ডুব দেন। এরপর আর ওঠেননি। তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। এ ছাড়া স্থানীয় থানা ও নৌ পুলিশ ফাঁড়িতেও খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদার নদে অভিযান চালায়। কিন্তু কেরামত আলীকে পাওয়া যায়নি। এরপর উদ্ধার অভিযান বন্ধ করেন তারা।

রহিমা আরও জানান, আজ বুধবার সকাল সাতটার দিকে একই গ্রামের আলমগীর গাজী নামের একজন জেলে মাদার নদে মাছ ধরতে যান। তিনি দেখতে পান যেখানে কেরামত আলী গাজী নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে আধা কিলোমিটার দূরে মাদার নদের চরে একটি লাশ পড়ে রয়েছে। তিনি স্থানীয় লোকজনকে খবর দিলে তাঁরা এসে লাশটি উদ্ধার করেন।

শ্যামনগর রামনগর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তারক বিশ্বাস প্রথম আলোকে বলেন, আজ সকালে তিনি জানতে পারেন, কেরামত আলী গাজীর লাশ মাদার নদ থেকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এরপর তিনি কেরামত আলীর বাড়িতে যান। তার স্ত্রীর আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আবদুর রহিম বলেন, জেলে কেরামত আলী গাজীর লাশ মাদার নদের চর থেকে উদ্ধার করা হয়েছে। সকাল নয়টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।