সেই অমল পোদ্দারের ভাতিজা ও তত্ত্বাবধায়ক নিখোঁজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্রামবাসীর জমি দখলের অভিযোগ ওঠা অমল পোদ্দারের ভাতিজা ও তাঁদের বাড়ির তত্ত্বাবধায়ককে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং দুদিন ধরে তাঁরা নিখোঁজ আছেন পরিবার অভিযোগ করেছে। আজ সোমবার সন্ধ্যায় অমল পোদ্দারের বড় ভাই প্রদীপ পোদ্দার সোনারগাঁ থানায় আজ এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে বাপ্পী পোদ্দার (৩০) ও বাড়ির তত্ত্বাবধায়ক সোলাইমানকে (৩৮) তুলে নিয়ে যায়। এর পর বিষয়টি নারায়ণগঞ্জের পুলিশ সুপার, র‌্যাব-১১ এর কার্যালয়ে জানানো হয়। কিন্তু তাঁরা কোনো সন্ধান দিতে পারেননি। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাঁদের খোঁজ পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় জিডি নেওয়া হয়েছে। বিষয়টি বেতার বার্তার মাধ্যমে দেশের বিভিন্ন থানার পুলিশকে জানানো হয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য গত ২ আগস্ট আবুল কালাম আজাদ নামে এক যুবক মেট্রো গার্মেন্টস অ্যান্ড ডাইংয়ের মালিক অমল পোদ্দারের জায়গা দখলের প্রতিবাদে বুকে ‘ন্যায়বিচার চাই’ প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে দাঁড়ান। এর পর আবুল কালাম আজাদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বাড়ি ফেরার এক ঘণ্টা পর র‍্যাব-১১-এর সদস্যরা তাঁর চাচাতো ভাই সোহেল মাহমুদকে আটক করেন। তারপর তাঁকে সঙ্গে নিয়ে র‍্যাব আজাদদের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যারা আজাদ ও তাঁর চাচার ঘরের (সোহেল মাহমুদের ঘর) আসবাবপত্র তছনছ এবং আজাদ, তাঁর মা ও চাচিকে মারধর করেন। আজাদ বলেন, এরপর মাদক ব্যবসায়ী দাবি করে একটি মামলাও করে র‍্যাব। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে সব জানতে পেরে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ আজাদের সঙ্গে কথা বলতে চান।

এ ঘটনা নিয়ে প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, সোনারগাঁর পঞ্চমীঘাট ২১ জন বাসিন্দার ৩৪ বিঘা জমি দখল করা হয়েছে। ৩৫ জনকে কিছু টাকা হাতে ধরিয়ে জমি নিয়ে এলাকা থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এখনো অনেককে জমি, বসতবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, এ কাজে কারখানার মালিককে সহায়তা করছেন স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী এবং র‍্যাবের কয়েকজন সদস্য। জমি বিক্রি করতে রাজি হননি এমন কয়েকটি পরিবারের সদস্যকে র‍্যাব গ্রেপ্তার করে মাদক রাখা ও বিক্রির অভিযোগ এনে মামলা করেছে। এসব ঘটনা নিয়ে প্রথম আলোতে ‘এক যুবকের চোখে শত মানুষের কান্না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।