সেপটিক ট্যাংক বিস্ফোরণে মেয়ের পর মায়েরও মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় এক বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় মেয়েশিশুর মৃত্যুর পর এবার মায়েরও মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই মায়ের নাম ফেরদৌসী বেগম (৩৫)। ওই ঘটনায় এর আগে সাত মাস বয়সের মেয়ে ইয়াসিন আহম্মেদের মৃত্যু হয়। মেয়েটির বাবা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের ঘটনায় শিশুটির মৃত্যুর পর এবার তার মায়ের মৃত্যু হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির বাবা তোফাজ্জল হোসেন এখনো চিকিৎসাধীন। তোফাজ্জল ও ফেরদৌসী দম্পতির ছেলে মোহাম্মদ হোসেন ও মেয়ে হালিমা আক্তার সুস্থ হয়ে আগেই বাড়ি ফিরেছেন।
২৭ মার্চ ভোরে শহরের বাবুরাইল এলাকায় হাজি বাদশার মালিকানাধীন দোতলা বাড়ির নিচতলার সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়। এতে ওই বাড়ির নিচতলার দেয়াল ধসে যায় ও আসবাবপত্র ভেঙে যায়। ওই দিনই বিস্ফোরণে মেয়েশিশু ইয়াসিন মারা যায়। এ ঘটনায় মারা যাওয়া শিশুটির দুই ভাইবোনসহ মা-বাবাকে দগ্ধ ও আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।