পেছনে সুউচ্চ ভবন। ধেয়ে আসছে দানবরূপী ঘাতক ট্রাক। ট্রাকের সামনের অংশে মুখ থেকে বেরিয়ে আসছে রক্তলোলুপ জিহ্বা। এ চিত্রকর্মের ওপরেই লেখা, ‘হিমেল তোর মাথা খাব...’
গত মঙ্গলবার রাতে ক্যাম্পাসের ভেতরেই ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব ওরফে হিমেলের। হাবিব স্মরণে তাঁর সহপাঠীরা নিজেদের রংতুলিতে এ মৃত্যুর প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল শহীদ হবিবুর রহমান মাঠের পাশে তিন দিনব্যাপী এ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। এ কর্মসূচির নাম ‘শিল্পীর প্রতিবাদ তাঁর শিল্পকর্মে’। কর্মসূচির মাধ্যমে আঁকা শিল্পকর্ম দিয়ে কয়েক দিন পর তাঁরা প্রদর্শনীর আয়োজন করবেন।
চারুকলা অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রশান্ত মণ্ডল বলেন, শিল্পীদের প্রতিবাদ রংতুলি, শিল্পকর্ম দিয়েই হয়। তাঁরা এ কর্মসূচির মাধ্যমে একদিকে হাবিবকে স্মরণ করছেন, অন্যদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। কর্মসূচিতে যে কেউ অংশ নিতে পারেন।
হাবিবের কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন প্রশান্ত মণ্ডল। তিনি বলেন, ‘হাবিব খুব পরিশ্রমী ছিল। সব সময় কিছু না কিছু করত। হিমেলের কিছু শিল্পকর্ম রয়ে গেছে। শিল্পকর্ম প্রদর্শনীর দিন তার কাজগুলোও প্রদর্শন করা হবে।’
একই অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পার্থ রায় এঁকেছেন ভাঙা মোটরসাইকেল, পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন মাথা ও একটি ট্রাকের চিত্রকর্ম। তিনি বলেন, ‘হাবিব ভাই ঠিক এ জায়গাতেই পড়ে ছিলেন। মাথা ছিল না। পাশেই মোটরসাইকেলটা ভেঙেচুরে গেছে। এমন জায়গায় দুর্ঘটনা হয়। এটা ভাবা যায় না।’ এটাকে তিনি ফুটিয়ে তুলেছেন।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকের সামনের রাস্তায় অনুষদের শিক্ষার্থীরা হাবিব হত্যার প্রতিবাদে গ্রাফিতি এঁকেছেন। তাতে লেখা, ‘রাস্তাঘাটে পিষে মরি, বাতাসে তোদের শ্বাস। সৃষ্টিকুলের ঘাতকেরা তোরা, সাবধান থাক!’
এদিকে ট্রাকচাপায় শিক্ষার্থী হাবিব যেখানে মারা যান, সেই সময় ওখানকার সড়কবাতি নষ্ট ছিল। এমনকি রাস্তার মোড়ে সার্চলাইটও ছিল না। আজ ১১টার দিকে গিয়ে দেখা গেছে, ওই জায়গায় খুঁটিতে নতুন বাতি লাগানো হয়েছে। রাস্তার মোড়ে লাগানো হয়েছে সার্চলাইট। দুর্ঘটনার পর যে ট্রাকগুলোতে শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দিয়েছিলেন, সেগুলো থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে।
গত মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মারা যান কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব। শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র হাবিব রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ও জোহা হল শাখার বাঁধনের সহসভাপতি ছিলেন। হাবিবের মৃত্যুর পর রাতভর শিক্ষার্থীরা বিক্ষোভ অবস্থান করেন। আন্দোলনের মুখে বুধবার প্রক্টরের পরিবর্তন হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার সকাল সাড়ে নয়টায় হাবিবের মরদেহ প্রথমে চারুকলা অনুষদে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। পরে জানাজা শেষে বিকেলে নাটোরে হাবিবকে দাফন করা হয়।