হোসেনি দালানে হামলার রায় ১৫ মার্চ
প্রায় সাত বছর আগে আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালানের শোক মিছিলে জঙ্গি হামলা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। ১৫ মার্চ রায় ঘোষণার জন্য দিন ঠিক করেছেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এদিন ঠিক করেছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পারভেজ ভূঁইয়া।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর গোলাম সারোয়ার খান। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে। আর আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী ফারুক আহমেদ, আজিম উদ্দিন ও জাহিদুল ইসলাম।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪৬ সাক্ষীর মধ্যে ৩১ জনকে হাজির করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুসারে, ২০১৫ সালের ২৪ অক্টোবর আশুরা উপলক্ষে হোসেনি দালানের শোক মিছিলে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। পরের দিন পুলিশ চকবাজার থানায় মামলা করে। তদন্ত শেষে পরের বছর ২০১৬ সালের ২১ এপ্রিল ১০ জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তাতে বলা হয়, জননিরাপত্তা বিঘ্নিত করার জন্যই সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী তাদের পরিকল্পনা ও ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালায়।
হোসেনি দালানে জঙ্গি হামলার এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৭ সালের ৩১ মে ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। সেখান থেকে মামলাটি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
অভিযোগপত্রভুক্ত ১০ আসামির মধ্যে দুজন শিশু হিসেবে গণ্য হয়েছে। শিশু দুটির মামলা শিশু আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগপত্রভুক্ত আট আসামি হলেন কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফ, আবু সাঈদ ওরফে সালমান, আরমান ওরফে মনির, রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব, চান মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ ও শাহজালাল। তাঁদের মধ্যে জামিনে আছেন পাঁচজন। আর কবীর, আরমান ও রুবেল কারাগারে আছেন।
রাষ্ট্রপক্ষ বলছে, হোসেনি দালানে যারা হামলা চালায়, সবাই জেএমবির সক্রিয় সদস্য। এ হামলায় আরও তিনজনের নাম পাওয়া গেলেও তারা বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে মারা গেছে। ওই তিনজন হলো হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন।
সেদিন যা ঘটেছিল
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, হোসেনি দালানে সেদিন রাত পৌনে দুইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তার জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে নিরাপত্তা সংস্থার সদস্যরা এ সময় ওই এলাকায় মোতায়েন ছিলেন। গভীর রাতে ওই এলাকায় বোমা হামলায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়।
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসেনি দালানে আসে নগরীর বিভিন্ন এলাকার মানুষ। তাদের অধিকাংশই শিয়া সম্প্রদায়ভুক্ত। হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর শহীদ হওয়ার দিনকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেনি দালানের মূল ফটকে একটি তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিল। মিছিলটি পল্টনে যাওয়ার কথা ছিল। মিছিলে যোগ দিতে এসেছিলেন তরুণ, বৃদ্ধ, নারী ও শিশুরা। এর মধ্যেই রাত পৌনে দুইটার দিকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কারও কারও মতে, পরপর ১০-১৫টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। কেউবা দৌড় দিতে গিয়ে হুমড়ি খেয়ে পায়ের তলায় পড়েছেন। কান্না-চিৎকারে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের বাসিন্দারা যে যেভাবে পারেন মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, লেগুনায় করে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল, মিটফোর্ড হাসপাতাল ও আশপাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর হোসেনি দালান এলাকায় অনেককে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ভাঙা চেয়ার, স্যান্ডেল, তাজিয়া মিছিলের সরঞ্জাম। বিভিন্ন স্থানে ছিল ছোপ ছোপ রক্ত। ঘটনাস্থলে কালো স্কচটেপ মোড়ানো একাধিক অবিস্ফোরিত বোমা পড়ে ছিল।