১৭ ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত শেষ করেছে বিএফআইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠা অর্ধশত ই-কর্মাস প্রতিষ্ঠানের মধ্যে ইভ্যালিসহ ১৭টি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত শেষ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিএফআইইউর দাখিল করা প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার এ নিয়ে শুনানি শেষে ২২ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ১৭ প্রতিষ্ঠানের মধ্যে ই-অরেঞ্জ শপ ও অরেঞ্জ বাংলাদেশ, কিউকম লিমিটেড, বুম বুম লিমিটেড ও বুম বুম ডটকম ডট বিডি, নিডস কম বিডি, সিরাজগঞ্জ শপ কম, আদিয়ান মার্ট ডট কম ডট বিডি, ধামাকা শপিং কম বা ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড, রিং আইডি বিডি লিমিটেড, নিরাপদ টেকনোলজি, আস্থার প্রতীক ডটকম, শ্রেষ্ঠ ডটকম, বারী দোকান ডট কম, থলে ডটকম ও উইকম ডটকমের বিষয়ে তদন্তের জন্য তথ্যাদি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ডিজিটাল বা ই-কমার্স প্ল্যাটফর্মে ভোক্তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে করা আলাদা রিটের শুনানির পর গত বছরের ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট তিনটি বিষয়ে জানাতে নির্দেশ দেন। ই-কমার্স প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়া ও মানি লন্ডারিংয়ের অভিযোগ বিষয়ে বিএফআইইউ কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাওয়া হয়।

পাশাপাশি ই-কমার্স প্রতিষ্ঠানের কাছ থেকে আদৌ ভ্যাট-ট্যাক্স নেওয়া হয় কি না ও ভ্যাট-ট্যাক্স আদায়ের বিষয়ে কোনো নীতিমালা আছে কি না, তা জাতীয় রাজস্ব বোর্ডকে জানাতে বলেন হাইকোর্ট। এ ছাড়া ই-কমার্স খাতের স্বার্থে সমস্যা নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত কারিগরি কমিটির কার্যপরিধি সম্পর্কেও জানাতে বলা হয়।

আরও পড়ুন

এর ধারাবাহিকতায় বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলাদা প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ হুমায়ন কবির শুনানিতে ছিলেন। বিএফআইইউর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শামীম খালেদ আহমেদ ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে শিশির মনির প্রথম আলোকে বলেন, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৯ মে পর্যন্ত ১৭টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলে প্রতিবেদনে এসেছে। প্রতিবেদনগুলো পর্যালোচনা করে শুনানি নিয়ে ২২ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিবেদনে বলা হয়, ই-কর্মাস খাতে ২০২১ সাল পর্যন্ত নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ১৯৬টি। এসব প্রতিষ্ঠান থেকে ২০২০-২০২১ অর্থবছরে ৩৩ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। আর ২০২১-২০২২ অর্থবছরে ১২ কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।