'নৌকা' ডোবাতে কেন্দ্রে বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের অবরোধের সময় থেকে যোগাযোগ বিচ্ছিন্ন যশোরের মনিরামপুরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা ছিল। শুধু সংশয় ছিল ভোটার উপস্থিতি নিয়ে। কিন্তু গতকাল বৃহস্পতিবার ভোটবিরোধীরাই ভরিয়ে দিল ভোটকেন্দ্র আর ভোটের বাক্স। আর এতে ২০ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী খান টিপু সুলতানকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা স্বপন ভট্টাচার্য।
৫ জানুয়ারির নির্বাচনে নাশকতার কারণে যশোর-৫ (মনিরামপুর) আসনের ১২২টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। গতকাল স্থগিত কেন্দ্রগুলোতে ভোট হয়। প্রতিটি কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। নৌকা মার্কার প্রার্থী ছিলেন খান টিপু সুলতান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগেরই আরেক নেতা মনিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য।
১০টি কেন্দ্র ঘুরে এবং নির্বাচনী এজেন্ট ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যেন ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। টিপু সুলতান যাতে কোনোভাবেই জিততে না পারেন, সেটাই ছিল তাঁদের লক্ষ্য।

সব কটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম হওয়ার কারণ হিসেবে নারী ভোটাররা বলেছেন, যৌথ বাহিনীর অভিযানের কারণে ভীতসন্ত্রস্ত পুরুষদের অনেকেই এলাকাছাড়া।
৫ জানুয়ারি ৬০টি কেন্দ্রে নির্বাচন স্থগিত হওয়ার পরের দিন থেকে মনিরামপুরে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র শহীদ ইকবাল হোসেন এবং তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ৩০০ জনকে আটক করা হয়। বিএনপি ও জামায়াতের নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।

মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খান টিপু সুলতানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা কাজী মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, অভিযানের ফলে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে। তবে এটা স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্যের জন্য ‘বর’ হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, ‘আমি শুনেছি, স্বপন প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে সহিংসতার অভিযোগে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করার ব্যবস্থা করবেন।’
অভিন্ন অভিযোগ করেছেন খান টিপু সুলতানের ছেলে ও তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট হুমায়ুন সুলতান। তাঁদের কাছে এ-বিষয়ক কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে হুমায়ুন বলেন, কেন্দ্রগুলোতে জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিই এর প্রমাণ।

খান টিপু সুলতানের প্রতি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের বিরূপতার কথা জানা গেল ভোট গ্রহণের সময়। শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা কেন্দ্রে আলাপ হয় ইউনিয়ন
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল আজিজের সঙ্গে। তিনি বলেন, ‘৫ জানুয়ারিতে আমি তাঁর পক্ষেই ছিলাম। সর্বশেষ উপজেলার শীর্ষ সন্ত্রাসী আদম আলীকে পুলিশ গ্রেপ্তার করার পর তাঁকে ছাড়িয়ে আনার জন্য থানা ঘেরাও করে লিডার (টিপু সুলতান) যে নাটক করলেন, তা সবাইকে দুঃখ দিয়েছে।’

৫ জানুয়ারি ভোট গ্রহণের দিন অন্যতম সহিংস এলাকা ছিল শ্যামকুড় ইউনিয়ন। সহিংসতার কারণে ওই ইউনিয়নের নয়টি কেন্দ্রের সব কটিতেই ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। ওই নয়টি কেন্দ্রের একটি ছিল ইউনিয়নের চিনেটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে গতকাল বেলা ১১টার দিকে গিয়ে দেখা গেল, দুই হাজার ৭২৫ ভোটারের মধ্যে ৯৫৭ জন ভোট দিয়েছেন।
প্রিসাইডিং কর্মকর্তা শেখ মতিয়ার রহমান বলেন, ১১টা পর্যন্ত প্রাপ্ত ভোটের ৭৫ শতাংশ ভোটারই ছিলেন নারী। একই অবস্থা লক্ষ করা গেছে ওই ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রের মোট দুই হাজার ৬৬৫ ভোটারের মধ্যে প্রাপ্ত ভোট ছিল এক হাজার ২৫৮টি। এর মধ্যে ৭০২ জন নারী ও ৫৫৬ জন পুরুষ ভোট দেন।
৫ জানুয়ারি সহিংসতায় আক্রান্ত হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল বেলা দুইটার পর গিয়ে দেখা যায়, এক হাজার ৬০৬ ভোটের মধ্যে এক হাজার ৭৭টি পড়েছে। প্রিসাইডিং কর্মকর্তা প্রণয় বিশ্বাস জানান, এর মধ্যে ৬০০ জন নারী ও ৪৭৭ জন পুরুষ ভোট দিয়েছেন।

পুরুষ ভোটাররা কম আসছেন কেন—এমন প্রশ্নের উত্তরে আমিনপুর গ্রামের সখিনা খাতুন বললেন, ‘পুরুষরা বাড়িতেই নেই। তা, ভোট দিতি আসবে কী করে?’
৫ জানুয়ারি ভোট গ্রহণের দিনে সহিংস ঘটনায় দায়ের করা ৬২টি মামলায় প্রায় ১৬ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
তবে বাড়তি নিরাপত্তার কারণে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পেরেছেন বলেও জানালেন অনেকে। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হুইলচেয়ারে করে নাতি আবদুল্লাহর সহযোগিতায় ভোট দিতে আসেন সোনা আলী ব্যাপারী। তিনি বলেন, ‘পুলিশ-আর্মি রয়েছে, তার মধ্যি গন্ডগোল হবে না শুনেই ভোট দিতি আসলাম।’

আগের নির্বাচনে সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া আরেক ভোটকেন্দ্র গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে আটটার দিকে ছেলের কোলে চড়ে ভোট দিতে আসা ৯০ পার করা মোবারক আলী বলেন, ‘কয় দিন আগে ভোটে গ্যাঞ্জাম হইলো, তাই আসিলাম না, আর ভোট দিতি পারবান কি না ঠিক নেই। শেষ জীবনে ভোট দিতি পারে ভাল লাগতেছে।’
জামায়াত-শিবির ও বিএনপির প্রভাব আছে এমন এলাকার কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে, ভোটবিরোধীরাই ভোটের পক্ষে সক্রিয়। তাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। কদমবাড়িয়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের হাতে আটক শিবিরের এক কর্মীর বাবা বলেন, ‘ছেলেকে ছাড়াতি হলি ভোট দিতি হবে।’

ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার এক ঘণ্টা পর বিকেল পাঁচটায় আবার আলাপ হয় হুমায়ুনের সঙ্গে। তিনি ফলাফলের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলামের কার্যালয়ে অপেক্ষা করছিলেন। তিনি স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে জামায়াত-বিএনপিকে অন্যায় প্রতিশ্রুতি দেওয়া এবং আর্থিক লেনদেন করার অভিযোগ আনেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা সন্ত্রস্ত হয়ে পড়েন বলেও অভিযোগ করেন। তাঁর দাবি, যশোরের পুলিশ সুপার মরিয়া চেষ্টা করে জিতিয়ে দিয়েছেন স্বপন ভট্টাচার্যকে।
স্বপন ভট্টাচার্যের কাছে এসব অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি বরাবরই গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আসছি। মনিরামপুরে জামায়াত-শিবির ও বিএনপির যাঁরা নাশকতা করেছেন, তাঁদের গুটি কয়েক ছাড়া কেউ গ্রেপ্তার হননি। গ্রেপ্তার হয়েছেন নিরপরাধ সাধারণ মানুষ।’

বিএনপি-জামায়াতের সঙ্গে যোগসূত্রের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বপন ভট্টাচার্য বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো আঁতাত হয়নি। তিনি পাল্টা প্রশ্ন করে জানতে চান, বিএনপি-জামায়াত কি ভোটার নন? তাঁরা যদি আমাকে ভোট দিতে চান, তাহলে কি নিষেধ করার সুযোগ আছে?’
পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র বলেন, পুলিশ কি কাউকে ভোট দিয়ে দিয়েছে? একজন প্রার্থী শুরু থেকে অকারণে পুলিশকে বিব্রত করার চেষ্টা করছেন। ভোটারদের কে কোন দল করেন, তা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ওপর বর্তায় না।

নির্বাচনে ভোট দেওয়া নিয়ে জামায়াত-বিএনপির কোনো সাংগঠনিক নির্দেশনা ছিল কি না, তা জানার জন্য স্থানীয় জামায়াত নেতাদের মুঠোফোনে বারবার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তবে মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাংগঠনিকভাবে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাখা হয়েছিল। তবু তাঁরা ভোট দিয়েছেন বলে শুনেছি।’ তিনি বলেন, ‘আমার ধারণা, সাংগঠনিক আহ্বান উপেক্ষা করে আমাদের নেতা-কর্মী-সমর্থকেরা যে ভোট দিয়েছেন, তার কারণ এই মানুষগুলো খান টিপু সুলতানের দুঃশাসনের অবসান কামনা করেছেন। স্বপন ভট্টাচার্য আওয়ামী লীগের নেতা হলেও তুলনামূলকভাবে ভালো মানুষ।’

এই অভিযোগ সম্পর্কে কোনো বক্তব্য জানা গেল না যশোর-৫ (মনিরামপুর) আসনের তিনবারের সাবেক সাংসদ খান টিপু সুলতানের। তাঁকে ফোনেও পাওয়া গেল না।
ফলাফল: ৫ জানুয়ারি হয়ে যাওয়া ৬২টি ভোটকেন্দ্রের ৮৯ হাজার ১৩১ ভোটের মধ্যে ৪৮ হাজার ৮৬২ ভোট সংগৃহীত হয়েছিল। এর মধ্যে খান টিপু সুলতান ৩০ হাজার ৫৩১ এবং স্বপন ভট্টাচার্য ১৮ হাজার ৩৩১ ভোট পেয়েছিলেন। বাতিল ভোট ছিল ৭৬৫টি। গতকাল নেওয়া ৬০টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন এক লাখ ৩৯ হাজার ২৯৬ জন। এর মধ্যে স্বপন ভট্টাচার্য পান ৭৮ হাজার ৪২৪ ভোট। টিপু সুলতান পেয়েছেন ৫৮ হাজার ৪১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য ২০ হাজার ছয় ভোটের ব্যবধানে বিজয়ী হলেন।