কাগজের দাম বাড়িয়েছেন মিলমালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর দফায় দফায় বেড়েছে কাগজের দাম। প্রতি টন কাগজের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ বা তার চেয়েও বেশি বেড়েছে। মিলমালিকদের যোগসাজশে কাগজের দাম বাড়ছে বলে অভিযোগ বই প্রকাশকদের। তাঁদের দাবি, এতে নতুন বইয়ের দাম বাড়ছে, ছাপা কমছে আর সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মিলমালিকদের সিন্ডিকেট ভেঙে দিতে এখনই কাগজ আমদানির সুযোগ চান প্রকাশকেরা।

গতকাল সোমবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক আলোচনা সভায় বই প্রকাশনাশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা এসব কথা বলেন। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ আমলে নিয়ে প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে প্রকাশকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী।

সভায় প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন, ‘কাগজের দাম গত এক বছরে দ্বিগুণ হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আড়াই গুণ। আন্তর্জাতিক বাজারে দাম এত বাড়েনি। দাম সমন্বয় যৌক্তিক হওয়া দরকার ছিল। পার্শ্ববর্তী দেশ ভারতে কাগজের দাম এখনো অনেক কম।’ তাঁর অভিযোগ, ‘আমাদের এখানে সব মিল একসঙ্গে দাম বাড়িয়েছে। এতে শুধু প্রকাশকের চাপে পড়েনি, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ’ তাঁর দাবি, মিলমালিকদের দৌরাত্ম্য কমাতে হলে শুল্কহার হ্রাস করে কাগজ আমদানির অনুমতি দিতে হবে। এতে কাগজের দাম সহনীয় হবে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল বলেন, যে নিউজপ্রিন্ট কাগজ এক বছর আগে ছিল প্রতি টন ৪০-৪২ হাজার টাকা, সেটা এখন ১ লাখের ওপরে। কাগজের দাম এখনো বাড়ছে। কিন্তু দাম কমানোর উদ্যোগ নেই।

আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন, ‘এবার বইমেলায় বই প্রকাশের সংখ্যা কমবে। গতবারের তুলনায় এক-তৃতীয়াংশের মতো বই প্রকাশ হতে পারে। দাম বাড়তে পারে ৩০ থেকে ৪০ শতাংশ।’

সভায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে মিলমালিকদের বৈঠক হয়েছিল। সেখানে বারবার অনুরোধ করার পরও কাগজের বাজারে অস্থিরতা কমেনি। উল্টো এমন হয়েছে, আমরা মিল ও প্রকাশকের মধ্যে সমন্বয় করে নির্দিষ্ট দামে কাগজ দেওয়ার ব্যাপারে রাজি করিয়েছি, কিন্তু পরবর্তীকালে সেই দামে কাগজ দেয়নি সেই মিল।’

মতবিনিময় সভায় প্রতিযোগিতা কমিশনের সদস্যসহ আরও বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।