এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১০৫০ টাকা
এক দিনের মধ্যে বেড়েছে সোনার দাম। আজ ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। শুক্রবার ভরিতে সর্বোচ্চ কমেছিল ২ হাজার ১৫৮ টাকা। নতুন দর আজ শনিবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
আজ সকালে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। যদিও মূল বিষয় হলো, বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।
আজ দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
আজ দাম বৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। সোনার এই দাম ভ্যাটসহ।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। প্রতি ভরিতে দাম কমেছে ১১৬ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৬ টাকা।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এসেছিল। তারপর আবার বৃদ্ধি পায়। সব মিলিয়ে উত্থান-পতনের মধ্য রয়েছে সোনার দাম।
বিশ্ববাজারে কী পরিস্থিতি
বিশ্ববাজারে সোনার দাম আবার বাড়ছে। অন্যদিকে ডলারের অবস্থান সামগ্রিকভাবে দুর্বল। বিশ্লেষকেরা বলছেন, এ মুহূর্তে সোনার দামে পারস্য উপসাগরের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব তেমন একটা নেই; বরং দুর্বল ডলারের কারণে সোনার দাম বাড়ছে।
লক্ষণীয় বিষয় হলো, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লেও ডলারের দাম বাড়ছে না।
বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম বেড়েছিল। তবে গতকাল সোনার দাম কমেছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, গতকাল সোনার দাম আউন্সপ্রতি ১৭ ডলার কমেছে। তবে মাঝে সোনার দাম টানা কিছুদিন কমেছে। সম্প্রতি দাম বৃদ্ধির ধারা শুরু হওয়ার পর সামগ্রিকভাবে গত ৩০ দিনে সোনার দাম ২ ডলার ৫৯ সেন্ট বেড়েছে।