বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যা কী? এই সমস্যার সমাধানে কী ধরনের নীতি পদক্ষেপ নেওয়া দরকার?
রাহুল আনন্দ: কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক ধকল মোকাবিলায় বাংলাদেশ দ্রুতই কিছু নীতি পদক্ষেপ নিয়েছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারে কাজে দিয়েছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্য অনেক দেশের মতো বাংলাদেশও বিপদে পড়েছে। বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়েছে, সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এবং বৈশ্বিক চাহিদা কমেছে। এতে বাংলাদেশের চলতি হিসাবে ঘাটতি দেখা দেয়, টাকার অবমূল্যায়ন হয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়।
অর্থনীতির এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ নিচ্ছে। সরকার আর্থিক নীতিগুলো কঠোর ও বিনিময় হার নমনীয় করেছে, কম প্রয়োজনীয় ও জ্বালানি পণ্য আমদানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে এবং বিদ্যুতের চাহিদা কমানোর পদক্ষেপ নিয়েছে। কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন থেকেও সরে এসেছে সরকার। সরকারের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে আইএমএফ-সমর্থিত কর্মসূচিও রয়েছে। তবে নিকট ভবিষ্যতে অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে অবশ্যই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থনীতির খারাপ প্রভাব যে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পড়েছে, তা থেকে উদ্ধার পেতে বিনিময় হার আরও নমনীয় করতে হবে।
বর্তমান সংকট থেকে মুক্তি পেতে হলে আর্থিক খাতে দীর্ঘস্থায়ী কাঠামোগত সংস্কার জরুরি। প্রবৃদ্ধি ত্বরান্বিত করাসহ বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও জলবায়ু–সহনশীলতা তৈরির জন্যই সংস্কারের প্রয়োজন। সেই সঙ্গে কর-রাজস্ব বৃদ্ধির চ্যালেঞ্জ গ্রহণ; শিক্ষা, স্বাস্থ্য, সরকারি বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যয় সক্ষমতা বৃদ্ধির জন্য কর-রাজস্ব বৃদ্ধির পরিবেশ তৈরি করা জরুরি। আবার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহযোগিতা করার জন্য দরকার শক্তিশালী কর-রাজস্বের ভিত্তি। আধুনিক করব্যবস্থা ও কর সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।
এ ছাড়া ঋণ বিতরণ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের জন্য একটি দক্ষ আর্থিক খাত দরকার। সেটা থাকলেই উৎপাদনশীল আর্থিক খাতে ঋণ যাবে। ঋণ প্রস্তাব অনুমোদনে সরকারের ভূমিকা হ্রাস, ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ও তদারক ব্যবস্থায় দক্ষতা আনা এবং আইনি ব্যবস্থার উন্নতির পাশাপাশি করপোরেট সুশাসনের উন্নতিও বাংলাদেশের জন্য জরুরি।
আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ করার চিন্তা করছে সরকার। বর্তমান প্রেক্ষাপটে দেশীয় অর্থনীতিবিদদের কেউ কেউ এটাকে উচ্চাভিলাষী লক্ষ্য বলে আখ্যায়িত করেছেন। আপনি কি মনে করছেন এ লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য?
রাহুল আনন্দ: কোভিড–১৯ মহামারির প্রভাব থেকে বেরিয়ে অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ব্যাপক ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ ক্রয়ক্ষমতা হারিয়েছে।
আইএমএফ ইতিমধ্যে চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করেছে। তবে আমলে নেওয়ার মতো অনেক অনিশ্চয়তা রয়েছে বাংলাদেশের। এ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অনুকূল জনসংখ্যা এমন চিত্রই দেখাচ্ছে যে দেশটির সামনে বিপুল সুযোগ রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগাতে দেশটিকে অবশ্যই তার অর্থনীতিতে সংস্কার চালিয়ে যেতে হবে।
সংস্কার প্রচেষ্টায় সবার আগে দরকার কর-রাজস্ব বৃদ্ধির দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ মোকাবিলা—যা সামাজিক, উন্নয়নমূলক ও জলবায়ু খাতে ব্যয় বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজন করব্যবস্থার আধুনিকায়ন ও রাজস্ব সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন। এসব সংস্কারের পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও রপ্তানি বহুমুখীকরণ হলে বাংলাদেশ টেকসই অর্থনীতির পথে এগোবে।
গত মার্চে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৬ শতাংশ। কিন্তু এ লক্ষ্য অর্জনের জন্য স্পষ্ট কোনো ব্যবস্থার কথা শোনা যাচ্ছে না। আপনি কী মনে করেন?
রাহুল আনন্দ: বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও অন্যান্য ক্ষেত্রে অভূতপূর্ব মূল্যবৃদ্ধির প্রভাব অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়েছে। যে কারণে গত আগস্টে এক দশকের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি দেখা গিয়েছিল। অভ্যন্তরীণ খাদ্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি ডলারের তুলনায় বাংলাদেশি মুদ্রা টাকার অবমূল্যায়নের কারণেই উচ্চ মূল্যস্ফীতি দেখা গেছে। তবে বাংলাদেশ ব্যাংক যে টাকা ধার দেয়, তার হার (রেপো রেট) বাড়িয়ে মুদ্রানীতি কঠোর করা হয়েছে গত বছরের মে মাসে। এ হার করা হয়েছে ৬ শতাংশ। ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কঠোর হবে। ব্যাংকিং ব্যবস্থা থেকে তারল্য তুলে নেওয়ার কার্যক্রমও অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্যই মুদ্রানীতি করা উচিত। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় মূল্যস্ফীতির চাপ সামলাতে অভ্যন্তরীণ চাহিদা কমানোর চলমান পদক্ষেপও থাকতে পারে। ভবিষ্যতে আর্থিক নীতিকাঠামোর আধুনিকায়ন ও সুদের হারভিত্তিক মুদ্রানীতি প্রণয়ন করা উচিত হবে।
সরকার প্রতিবারই সামাজিক নিরাপত্তা খাতে ব্যয়ের একটি বড় আকারের চিত্র দেখায়, বাস্তবে যা অনেক কম, এমনকি অর্ধেকও হতে পারে। বিষয়টি নিয়ে আইএমএফের বক্তব্য কী?
রাহুল আনন্দ: আইএমএফের ২০২১ সালের স্টাফ রিপোর্টে উঠে এসেছে, সরকারি ব্যয় কম থাকা সত্ত্বেও সামাজিক খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় হয়ে অবদান রেখেছে দারিদ্র্য বিমোচনে। তবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সহজতর করতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও অর্থ ব্যয় হওয়া দরকার। সুবিধাভোগীদের আওতা বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দক্ষতা বাড়ানো দরকার, যা অর্থনৈতিক ও পরিবেশগত আঘাত বহনের পক্ষে কাজে দেবে। আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় যেসব সংস্কারকাজ হওয়ার কথা, তার মধ্যে রয়েছে প্রবৃদ্ধি সহায়ক ব্যয়ের জন্য বেশি মাত্রায় কর সংগ্রহ করে তা যৌক্তিকভাবে খরচ করা। আগামী তিন বছরে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়বে বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর কিছু সুবিধা হারাবে। সেই পরিস্থিতি মোকাবিলায় এখন কী ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে?
রাহুল আনন্দ: এলডিসি থেকে সফলভাবে বেরিয়ে ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। এ সময়ের মধ্যে ভালো প্রবৃদ্ধি অর্জন, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই জলবায়ু–সহনশীলতা অর্জনের জন্য কাঠামোগত বিষয়গুলোয় নজর দেওয়া জরুরি। এলডিসি থেকে বের হওয়ার পর অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধাগুলো থাকবে না। প্রবৃদ্ধি ধরে রাখতে রপ্তানি পণ্যের বহুমুখিনতা ও প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করা প্রয়োজন। বাণিজ্য প্রসারে অশুল্ক বাধা দূর করা, দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া কমানো, বাণিজ্য-সম্পর্কিত অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন, রপ্তানি প্রতিযোগিতা বাড়াতে অর্থায়ন ইত্যাদি বিষয় নিশ্চিত করতে হবে। রাজস্ব ও আর্থিক কাঠামোর আধুনিকীকরণ, সুশাসনব্যবস্থা জোরদার এবং বিনিয়োগ পরিবেশের উন্নতিও গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্কারকাজে হাত দেওয়া প্রয়োজন। নতুন জ্ঞান অর্জন ও প্রযুক্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ, তা থেকে রক্ষা পেতে রাজস্বনীতি, মুদ্রানীতি ও আর্থিক স্থিতিশীলতা যথাযথভাবে ব্যবস্থাপনা করা দরকার।
গত জানুয়ারিতে আইএমএফ যে ঋণ প্রস্তাব অনুমোদন করেছে, তা চলমান নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে কতটা সাহায্য করবে? আইএমএফ কী ধরনের সংস্কার আশা করছে, বিশেষ করে আর্থিক খাতে?
রাহুল আনন্দ: আগেই বলেছি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বাংলাদেশ যেসব সমস্যায় পড়েছে, তার কিছুটা প্রশমনের জন্য বাংলাদেশের অনুরোধে আইএমএফের ঋণ কর্মসূচি শুরু হয়েছে। উদ্দেশ্য পরিষ্কার, আর তা হচ্ছে স্বল্প মেয়াদে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা এবং দীর্ঘ মেয়াদে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে কাঠামোগত সমস্যা মোকাবিলা করা।
ব্যাংক খাত খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা আগেই দুর্বল ছিল। সংকট শুরুর পর দুর্বলতা আরও বেড়েছে। সম্পদের গুণমান নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যাপ্ত মূলধন থাকা নিশ্চিত করা ব্যাংকগুলোর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ছাড়া ব্যাংক খাতে উচ্চ হারের খেলাপি ঋণসহ তদারকি, নিয়ন্ত্রণ ও সুশাসনে কাঠামোগত দুর্বলতা রয়েছে।
ব্যাংক খাতে সংস্কারের ক্ষেত্রে উচ্চ হারের খেলাপি ঋণ সমস্যার সমাধান, তদারক ব্যবস্থা জোরদার, করপোরেট সুশাসনের উন্নয়ন ও আইনি সংস্কারে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। একটি কার্যকর ব্যাংক খাতের মাধ্যমেই গতিশীল প্রবৃদ্ধি সম্ভব হবে। তবে ক্রমবর্ধমান অর্থায়ন চাহিদা পূরণের জন্য বন্ড বাজারের আরও উন্নয়নে অগ্রাধিকার দেওয়া উচিত।