মানুষ এখন রেস্তোরাঁয় খাওয়া কমিয়ে দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসমান গনি

জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ানো হলো, তাতে শুধু রেস্তোরাঁ ব্যবসা নয়, প্রভাব সবার ওপরে পড়বে। আরও সুনির্দিষ্ট করে বললে দেশের রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে গ্রামের হতদরিদ্র পরিবারের ওপরও এর প্রভাব পড়বে। অনেকের জন্যই সংসার চালানো এখন কষ্ট হয়ে যাবে। আপনার-আমার সবার সংসারই একধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেল।

দাম ৫ থেকে ১০ শতাংশ বাড়ানো হলেও হয়তো ব্যবসা করা যেত, টিকে থাকা যেত। এখন রেস্তোরাঁ ব্যবসার অস্তিত্ব নিয়ে ভাবছি। পকেটে টাকা না থাকলে মানুষ রেস্তোরাঁয় খাবে না। মানুষ বাড়ির বাইরে খাবে, সেই পরিবেশই আসলে আর থাকল না। এতে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে এই ব্যবসা। এখন যে পরিস্থিতি, তাতে প্রতিষ্ঠান বন্ধ রাখলেই হয়তো ভালো হবে।

সবার চোখেমুখে একধরনের আতঙ্ক। সরকার কী ভেবে সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা জানি না। তবে রেস্তোরাঁ ব্যবসায়ীরা মহা দুশ্চিন্তায় পড়ে গেল। এক কেজি সবজি থেকে শুরু করে প্রায় সব পণ্যের দাম বাড়বে। এর মধ্যে গ্যাস–বিদ্যুতের দাম আবার যদি বাড়ে, তাহলে তো আর কথাই নেই। এতে দাম সমন্বয় করে কয়টা প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে, সেটাই দেখার বিষয়।


মো. ওসমান গনি, সভাপতি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি