ডলারের বিনিময় হার নির্ধারণের বর্তমান মডেল থেকে বেরিয়ে আসার পরামর্শ 

  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করতে হবে।

  • যে পরিমাণ পণ্য রপ্তানি হচ্ছে, সে হারে দেশে ডলার আসছে না।

বাংলাদেশ ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, একবারে সম্ভব না হলে তা ধাপে ধাপে করতে হবে। আর মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যে মডেল চলছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, তাদের সিদ্ধান্ত বাজারকে অস্থির করছে।

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে জাহিদ হোসেন এসব পরামর্শ দেন। গত কিছুদিন ধরে অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক তাঁকেও আমন্ত্রণ জানায়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন শুধু বিনিময় হার নয়, সুদের হারও বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছেন।
জাহিদ হোসেন, সাবেক মুখ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়

বৈঠক শেষে জাহিদ হোসেন বলেন, ‘অর্থনীতিতে এখন তিনটি চ্যালেঞ্জ আছে। এগুলো হলো, ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদ বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকই এগুলো চিহ্নিত করেছে।’

বৈঠকে জাহিদ হোসেন একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন জানিয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক যেসব সমস্যা চিহ্নিত করেছে, তাঁর প্রবন্ধেও মোটামুটি সেগুলোই আছে। বাংলাদেশ ব্যাংক সংকট মোকাবিলায় করণীয় জানতে চেয়েছে। জবাবে তিনি বলেন, ‘সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিলেও আর কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে সম্পর্কে আমি কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি।’

জাহিদ হোসেন বলেন, ‘মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রে বর্তমানে বাফেদা ও এবিবির যে মডেলে আমরা চলছি, তা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে গেলে বিনিময় হার একেবারে বাজারের ওপর ছেড়ে দিতে যদি আমরা না-ও চাই, ধাপে ধাপে কীভাবে ছাড়া যায়, তা বের করা এখন জরুরি। মোদ্দাকথা হচ্ছে, বাফেদা ও এবিবির ঘোষিত মুদ্রা বিনিময় হারের পদ্ধতি থেকে বেরিয়ে আসা চাই।’

বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ বলেন, ‘আমি বলেছি যে সুদের হার আরেকটু নমনীয় করার সুযোগ আছে। এখানে দুটি হার আছে। অর্থবাজারের (মানি মার্কেট) জন্য একটা, যে জন্য করিডর করা হয়েছে। আরেকটা হচ্ছে, স্মার্ট পদ্ধতি (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল)। স্মার্ট পদ্ধতিটা যাতে বাজারে প্রভাব ফেলতে পারে এবং এ জন্য সেটা কীভাবে আরও নমনীয় করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’

জাহিদ হোসেন বলেন, খেলাপি ঋণ ছাড়া দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর সম্পদের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ইদানীং ব্যাংক কোম্পানি আইন, ফাইন্যান্স কোম্পানি আইন ইত্যাদি পাস হয়েছে। এগুলোর আওতায় অনেক কথা বলা হয়েছে। তবে বাস্তবায়নের জায়গাটা হচ্ছে বড় চ্যালেঞ্জের।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার বিষয়ে কী আলোচনা হয়েছে? এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, মুদ্রার বিনিময় হারের নীতিটি যদি সংস্কার করা যায়, তাহলে বৈদেশিক মুদ্রার জোগান বাড়বে। যেমন, যে পরিমাণ পণ্য রপ্তানি হচ্ছে, সে হারে দেশে ডলার আসছে না। তাঁরাই বলেছেন, ৫৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে, অথচ দেশে এসেছে ৪৬ বিলিয়ন ডলার। এখানে ৯ বিলিয়ন ডলারের একটা ফারাক আছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা একটা ব্যাখ্যা দিয়েছেন বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, তাঁরা মনে করছেন যে এখন একটা অনিশ্চয়তা কাজ করছে। নির্বাচনের পর হয়তো এসব ডলার দেশে আসবে। আবার অন্য বিষয়ও থাকতে পারে। যেমন কেউ কেউ মনে করতে পারেন যে ডলার পরে আনা হলে বিনিময়ে বেশি টাকা পাওয়া যাবে।

আরও পড়ুন

সংস্কারের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো বার্তা দিয়েছে কি না, জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, তাঁরা জানান যে সবার কাছ থেকেই পরামর্শ নিচ্ছেন। এগুলো একত্র করে আগামী ডিসেম্বরে যে মুদ্রানীতি হবে, তাতে হালনাগাদ করা হবে।

এদিকে গতকালের বৈঠক নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক বিজ্ঞপ্তিতে জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জাহিদ হোসেন সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ অব্যাহত রাখা, সুদের হার ক্রমান্বয়ে বাজারের সঙ্গে সংগতি রেখে সমন্বয় এবং রিজার্ভে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক সংরক্ষণের নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন।

দেশের অর্থনীতিবিদ, গবেষক ও গবেষণা সংস্থাগুলোর সঙ্গে এক মাস ধরে ধারাবাহিকভাবে বৈঠক করে আসছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন