কেলেঙ্কারি কি বন্ধ হবে ব্যাংক খাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক খাতে অনিয়ম-দুর্নীতির আলোচনা নতুন নয়। ২০১১ সালে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি দিয়ে ব্যাংক খাত ব্যাপকভাবে আলোচনায় আসে। এরপর কেলেঙ্কারির নতুন নতুন ঘটনা ঘটেছে। সরকারি ব্যাংক থেকে ঋণ–কেলেঙ্কারির ঘটনা ছড়িয়ে পড়েছে বেসরকারি ব্যাংকেও।

তবে অনিয়ম-দুর্নীতির পাশাপাশি ২০২২ সালে ব্যাংক খাতের যেসব বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে ছিল, তার মধ্যে অন্যতম ছিল ডলারের দাম বেঁধে দেওয়া ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতের সুদহারও নির্ধারণ করে দেওয়া। এ বছর ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের বড় ধরনের ঋণ–অনিয়মের ঘটনা আমানতকারীদের আতঙ্কিত করেছে। এতে বছরের শেষভাগে এসে পুরো খাতে অস্থিরতা দেখা দেয়। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ১০টি দুর্বল ব্যাংক চিহ্নিত করার ঘোষণা দেওয়া হয়। আবার ব্যাংক থেকে গ্রাহকের বিপুল পরিমাণ আমানত তুলে নেওয়ার কথাও ছড়িয়ে পড়ে বছরের শেষভাগে। তবে বছর শেষ হলেও দুর্বল ১০ ব্যাংক চিহ্নিত করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। আর বিপুল আমানত তুলে বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারক মহল থেকে মন্তব্য করা হলেও সেটি ছিল ভুল। মূলত, কমেছে ব্যাংকের হাতে থাকা নগদ তারল্য।

আরও পড়ুন

নতুন গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদার যোগ দেন গত ১২ জুলাই। এর আগে থেকেই ডলার নিয়ে দেশে অস্থিরতা শুরু হয়। তাতে সংকটে পড়েন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। আবার ডলারের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়ে পণ্যমূল্যেও, যার ভুক্তভোগী হন সাধারণ মানুষ। পণ্যমূল্য বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতিও ১০ শতাংশের কাছাকাছি পৌঁছে যায়।

এমন এক পরিস্থিতিতে গত ৪ আগস্ট সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক। সেখানে ‘বৈশ্বিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতি ও মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপ’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান।

ওই উপস্থাপনায় বলা হয়, চারটি সূচকের ওপর ভিত্তি করে ১০টি দুর্বল ব্যাংক চিহ্নিত করা হয়েছে। এসব ব্যাংকের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা শুরু করে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে তিন বছর মেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে বলা হয়। ওই অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ‘একশ্রেণির আর্থিক প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। সে জন্যই আমরা ব্যবস্থা নিচ্ছি।’

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের ওই ঘোষণার পর ব্যাংক খাতে দুর্বল ব্যাংক নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে গ্রাহকদের মধ্যেও একধরনের উদ্বেগ ভর করে। কারণ, অতীতে কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখে ফেরত না পাওয়ার ঘটনা গ্রাহকদের রয়েছে।

৩ ডিসেম্বর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব (সাবেক) আহমদ কায়কাউস বলেন, ব্যাংকে টাকা নেই—এমন কথা ছড়ানো হয়েছে। তাই সাধারণ গ্রাহক আতঙ্কে ব্যাংক থেকে ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক কাউকে বাধা দেয়নি। ব্যাংক সবাইকে টাকা দিতে পেরেছে।

আরও পড়ুন

তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, গত এক বছরে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় এক লাখ কোটি টাকা। গ্রাহকেরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা সরিয়ে নিয়েছেন ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে আমানত কমেনি।  

এদিকে, বছরের শুরুতে ডলারের দাম নিজেরাই ঠিক করে আসছিল বাংলাদেশ ব্যাংক। তাতে কাজ না হওয়ায় শেষের দিকে এসে ডলার দাম নির্ধারণের দায়িত্ব ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়। তারপরও কাটেনি ডলারের সংকট। কারণ, এ ক্ষেত্রে শুরু থেকেই একের পর এক ভুল নীতি গ্রহণ করা হয়।

ব্যাংকঋণের পর এ বছর নতুন করে আর্থিক প্রতিষ্ঠানের সুদের হারও বেঁধে দেওয়া হয়। ফলে জুলাই মাস থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো ৭ শতাংশের বেশি সুদে আমানত নিতে পারছে না। আর ঋণ বিতরণ করতে হচ্ছে সর্বোচ্চ ১১ শতাংশ সুদে।

আরও পড়ুন

ব্যাংক খাতের সংকট কাটাতে বছরজুড়ে একের পর এক সিদ্ধান্ত বদল করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এসব সিদ্ধান্ত নেওয়ার আগে তার প্রতিক্রিয়া কী হবে, তা যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি বলেই মনে করেন ব্যাংক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, ব্যাংক খাতের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার সম্ভাব্য সব ধরনের প্রতিক্রিয়া নিয়ে অবশ্যই আগে থেকে ভাবতে হবে। কারণ, নীতিনির্ধারকদের ভুল সিদ্ধান্ত পুরো খাতে প্রভাব ফেলে। বছর শেষে ব্যাংক খাতের যে পরিস্থিতি, তাতে নতুন কোনো বার্তা দিয়ে শুরু হচ্ছে না নতুন বছর। তারপরও নতুন বছরে খারাপ কোনো খবর না আসুক এ খাতে—এটাই সবার প্রত্যাশা।
জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রথম আলো
[email protected]

আরও পড়ুন