প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাংক এশিয়ার ব্যাখ্যা
প্রথম আলো অনলাইনে গত বুধবার (২৫ অক্টোবর) প্রকাশিত ‘ব্যাংক এশিয়ার পদত্যাগী এমডিকে ফেরাতে পারল না কেন্দ্রীয় ব্যাংক’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে ব্যাংক এশিয়া। বেসরকারি এই ব্যাংক কর্তৃপক্ষের দাবি, প্রকাশিত খবরে অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে।
ব্যাংক এশিয়া তাদের ব্যাখ্যায় বলেছে, ‘ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর পদত্যাগপত্র পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত হয়নি। তিন মাস ছুটি কাটানোর পর আরিফ বিল্লাহ আদিল চৌধুরী গত ২২ অক্টোবর কাজে যোগদান করেন। এর আগে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের কারণে নয়। সুতরাং পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সত্য নয়।’
ব্যাংক এশিয়া আরও দাবি করেছে, ‘আরিফ বিল্লাহ আদিল চৌধুরীকে স্বপদে ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক কিংবা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) থেকে কোনো ধরনের চাপ ছিল না।’
প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা যথাযথ কর্তৃপক্ষের থেকে যাচাই করেই প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময় তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে। বিএবির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সভাতেও তাঁকে কাজে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছিল।