মিরপুরে র্যাংগসের আধুনিক আবাস ‘তরুকাব্য’
করোনাভাইরাসের প্রতিকূলতা কাটিয়ে আবাসন খাত আবার ঘুরে দাঁড়াচ্ছে। ক্রেতাদের বিনিয়োগ করার প্রবণতাও বাড়ছে। গত ৩ বছরে ঢাকায় বাসাভাড়া বেড়েছে গড়ে প্রায় ৮ শতাংশ। এটিও রাজধানী ঢাকায় নিজের একটি ফ্ল্যাটের মালিক হতে অনেককে উদ্বুদ্ধ করছে।
এক সমীক্ষায় দেখা গেছে, আবাসনের চাহিদার ক্ষেত্রে মিরপুর গ্রাহকের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এ জন্য অবশ্য নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্প প্রভাবক হিসেবে কাজ করছে। সব ঠিক থাকলে আগামী বছর মানুষ মেট্রোরেলের সুফল ভোগ করতে পারবেন। এতে রোকেয়া সরণিসহ মিরপুর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের জনদুর্ভোগ কমবে।
মেট্রোরেল প্রকল্প ঘিরে মিরপুরে আবাসন প্রকল্প করছে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান। তেমনই শেওড়াপাড়া ও কাজীপাড়া মেট্রো স্টেশন মাঝামাঝি এলাকায় তিন বিঘা জমির ওপর গড়ে উঠছে র্যাংগস প্রপার্টিজ লিমিটেডের আধুনিক একটি আবাসন প্রকল্প। নাম তরুকাব্য। অভিজাত কন্ডোমিনিয়াম ধাঁচের এই নির্মাণাধীন প্রকল্পের সীমানাপ্রাচীরের ভেতরে বিশাল জমিতে লাল ইট দিয়ে নির্মাণ করা হয়েছে প্রকল্পের এক্সপেরিয়েন্স সেন্টার। আগ্রহী গ্রাহকদের প্রকল্পের ফ্ল্যাটগুলোর অভ্যন্তরীণ নকশা ও সাজসজ্জার ধারণা দিতেই এটি নির্মাণ করা হয়েছে। ফলে একজন ক্রেতা ফ্ল্যাট কেনার আগে সেটি আকার, ফিটিংস ও থাকার অভিজ্ঞতা কেমন হতে পারে, সে বিষয়ে সহজেই একটি ধারণা নিতে পারবেন। এক্সপেরিয়েন্স সেন্টারটি সাইট অফিস হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
র্যাংগসের কর্মকর্তারা বলেন, তরুকাব্যে চারটি পৃথক টাওয়ার নির্মাণ করা হবে। উঁচু ভবন না করে চারটি পৃথক ভবনের কারণে প্রায় প্রতিটি ফ্ল্যাটে দুই দিক উন্মুক্ত থাকবে। তাতে পর্যাপ্ত আলো–বাতাস চলাচল নিশ্চিত হবে। ভবনের নিচে পর্যাপ্ত উন্মুক্ত স্থান থাকায় সেখানে প্রকল্পের বাসিন্দারা হাঁটার সুযোগ পাবেন। বাচ্চারাও খেলাধুলার জন্য জায়গা পাবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিধান মেনে পুরো প্রকল্প এলাকায় ৫০ শতাংশ জায়গা উন্মুক্ত থাকবে।