সরু চালের দাম কেজিতে ২–৩ টাকা বেড়েছে

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটি চালের দোকান। গতকাল তোলা ছবি। প্রথম আলো

রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা দোকানে গত এক–দেড় সপ্তাহে সরু চালের দাম কেজিতে ২–৩ টাকা বেড়েছে। অন্যান্য চালের দামও ১–২ টাকা করে বেড়েছে। এ ছাড়া দাম বেড়েছে দেশি পেঁয়াজ, রসুন ও খোলা সয়াবিন তেলের। আর ব্রয়লার মুরগি ও ডিম আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানান, জ্বালানি তেলের সর্বশেষ মূল্যবৃদ্ধির পর এবার চালের দাম বাড়ল। পাইকারি বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় চাল পরিবহনে ট্রাকভাড়া বেড়ে গেছে। এ ছাড়া মিল পর্যায়েও চালের দাম বাড়ানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে বাজার ঘুরে জানা যায়, খুচরা দোকানে ডায়মন্ড, মঞ্জুর, সাগর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল ডায়মন্ড, মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট ৭৪ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে ছিল ৭২ টাকা। আর রশিদ ব্র্যান্ডের মিনিকেট ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক–দেড় সপ্তাহ আগে এ চালের দাম কেজিতে ২ টাকা কম ছিল। মিনিকেট চালের মধ্যে একটু দামি হলো মোজাম্মেল চাল। এ চালের কেজি এখন ৭৬ টাকা, যা গত সপ্তাহে ১ টাকা কম ছিল।

বাজারে কয়েক ধরনের নাজিরশাইল চাল বিক্রি হয়। সরু এ চালের কেজি মানভেদে এখন ৭০ থেকে ৯৫ টাকা। বিক্রেতারা জানান, নাজিরশাইল চালের দামও কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।

বাজারে মাঝারি মানের চালের দামও বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, পাইজাম ও ব্রি-২৮, ব্রি-২৯ চালের কেজি এখন ৫৮ থেকে ৬৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে মাঝারি মানের চালের দাম কেজিতে ৩ টাকা বেড়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে; কেজি ৫০ থেকে ৫৫ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, মিল পর্যায়ে চালের দাম বেড়েছে। নওগাঁর শিউলি অটোমেটিক রাইস মিলের মালিক আমিনুল ইসলাম বলেন, সরু চালের মধ্যে কাটারি চালের দাম বস্তায় (৫০ কেজি) ৫০ টাকা বেড়েছে। অর্থাৎ পাইকারিতে কাটারি চালের কেজিপ্রতি দাম ১ টাকা বেড়েছে। তবে অন্যান্য চাল আগের দামেই বিক্রি হচ্ছে। ধানের মূল্যবৃদ্ধির কারণে চালের দাম বাড়ানো হয়েছে বলে জানান এ ব্যবসায়ী।

মিল পর্যায়ে মূল্যবৃদ্ধির সঙ্গে যোগ হয় বাড়তি ট্রাকভাড়া, যা বেড়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের পাইকারি আড়ত বরিশাল রাইস এজেন্সির ব্যবস্থাপক মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ধান সংগ্রহ থেকে শুরু করে পাইকারি বাজারে চাল আনা পর্যন্ত একাধিকবার ট্রাকের ব্যবহার হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর প্রতিবার ট্রাকে ২ থেকে ৩ হাজার টাকা বেশি ভাড়া লাগছে। এ কারণে পাইকারি পর্যায়ে চালের দাম গড়ে ১ টাকার মতো বেড়েছে।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটি চালের দোকান। গতকাল তোলা ছবি। প্রথম আলো

মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরা চাল বিক্রেতা মো. লোকমান হোসেন বলেন, ‘এক গাড়িতে চাল থাকে ১৫ হাজার কেজি। কেজিতে ১ টাকা করে বাড়লে ১৫ হাজার টাকা বেশি লাগে। কিন্তু ট্রাক ভাড়া তো ২–৩ হাজার টাকা বেড়েছে। বাজারে তদারকি কম থাকায় আমাদের পাইকারি থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। ফলে ক্রেতাদের কাছেও বেশি দামে চাল বিক্রি করতে হয়।’

রাজধানীর শেখেরটেক এলাকার বাসিন্দা অবসরপ্রাস্ত স্কুল শিক্ষক শামীমা আক্তার গতকাল কৃষি মার্কেটে প্রথম আলোকে বলেন, ‘বাজারে তো প্রতি সপ্তাহেই কোনো না কোনো জিনিসের দাম বাড়ে। দাম কমে খুব কম। আমরা মধ্যবিত্ত মানুষ। কষ্ট হলেও কাউকে কিছু বলতে পারি না।’

পেঁয়াজের দাম বেড়েছে

এক সপ্তাহের ব্যবধানে বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। তাতে প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। অবশ্য গত বছরের এমন সময়ে পেঁয়াজের কেজি ছিল ৭০ থেকে ৮০ টাকা। সে তুলনায় এখন পেঁয়াজের দাম ২৭ শতাংশ কম রয়েছে। এ ছাড়া এক সপ্তাহের মধ্যে রসুনের দাম কেজিতে ২০–৩০ টাকা বেড়েছে।

গত দুই সপ্তাহ ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। বিক্রেতারা জানান, কোম্পানিগুলো তেলের দাম বাড়াতে চায়; এ জন্য সরবরাহ কমিয়ে দিয়েছে।

সাধারণত বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকট তৈরি হলে খোলা সয়াবিন তেলের চাহিদা ও মূল্যবৃদ্ধি পায়। এবারও তা–ই হয়েছে। সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুসারে, গত দুই সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়েছে।

বাজারে ফার্মের মুরগি ও ডিমের দাম উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। ফার্মের মুরগির এক ডজন ডিম এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া–মহল্লার দোকানে অবশ্য দাম আরও ৫ টাকা বেশি। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।