অর্থনীতিতে মধ্যম আয়ের ফাঁদভীতি ও বাংলাদেশ

মধ্যম আয়ের ফাঁদ বলতে ১১০০ থেকে ১৩ হাজার ডলারের মাথাপিছু আয়ের মধ্যে আটকে থাকার ঘটনাকে বোঝানো হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকেরা
ফাইল ছবি

ছোটবেলায় নালিতাবাড়ী থেকে হালুয়াঘাটের বোয়ালজানায় আত্মীয়বাড়ি যাওয়ার পথে ‘চিলকার বন্দ’ এলাকায় আমাদের পথ ভুল হয়ে যেত। ‘বন্দ’ মানে বিশাল মাঠ—যেখানে থাকত না কোনো নির্দিষ্ট রাস্তা। শীতের কুয়াশাঢাকা দিনে দিকনির্দেশ থাকত না বলে কখনো একই জায়গায় ফিরে আসতাম। মানুষ সেটিকে ‘কানাওয়ালার ফাঁদ’ বলত।  কেউ কেউ তিনবার বলত  ‘ও কানাওয়ালা ছেড়ে যা’।

কেউবা শনিলুট মানত করত। ইউরোপ থেকে পাল-চালিত জাহাজ আমেরিকা যাওয়ার পথে আটলান্টিক মহাসমুদ্রে বিষুবরেখার উত্তরে শান্ত সমুদ্রে গতি হারিয়ে ফেলত। তখন নাবিকেরা কিছু ঘোড়া সমুদ্রে ফেলে দিত জাহাজকে হালকা করার স্বার্থে। এ জন্য এর নাম হয়েছে ‘অশ্ব অক্ষাংশ’, যা সেদিনের নাবিকের চোখে ছিল এক ভয়ানক ফাঁদ।

কেন এই ফাঁদের ধারণা

চিলকার বন্দে হাঁটার সময় আমাদের হাতে যদি একটা কম্পাস থাকত, তাহলে ‘কানাওয়ালার ফাঁদ’–ভীতি আমাদের থাকত না। আবার জাহাজগুলোর ইঞ্জিনচালিত হলে অশ্ব অক্ষাংশের ফাঁদ বলেও কিছু থাকত না। অর্থাৎ সঠিক দিকনির্দেশনা ও আপন গতির অভাবে দুটো ভিন্ন ঘটনায় একই রকম কাল্পনিক ফাঁদ সৃষ্টি হয়েছে। অতি কথিত মধ্যম আয়ের ফাঁদের বিষয়টিও সে রকম। বিচক্ষণ পরিকল্পনা ও জাতীয় আয়ের প্রবৃদ্ধির সঠিক গতিময়তা থাকলে কি নিম্ন আয় কি মধ্যম আয়—কোনোটিতেই কোনো ফাঁদভীতি থাকতে পারে না।

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ান তা প্রমাণ করেছে। আবার এই দুটো জিনিসের অভাবে আর্জেন্টিনার আটকে পড়াকে অনেকেই ফাঁদ ভেবে সান্ত্বনা নিচ্ছে। পুরোটাই দেশগুলোর নিজস্ব গতিময়তা বা কুশাসনের ফল। এখানে ফাঁদের রহস্য বলে কিছু নেই।

ফাঁদ মানে যেখান থেকে ওপরে ওঠা যায় না বা উঠতে গেলে পড়ে যেতে হয়। অনেকটা বানরের বাঁশ বেয়ে ওপরে ওঠার মতো। বাঁশটি পিচ্ছিল হলে বানরকে হয়তো প্রায় এক জায়গায় আটকে থাকতে হয়, যাকে আমরা ফাঁদ বলে ফেলি। কিন্তু সাধারণ বাঁশের বেলায় তা খাটে না। একটা রাষ্ট্রে এগিয়ে যাওয়া ও পিছিয়ে পড়ার ঘটনাগুলো যদি প্রায় সমান মাত্রার হয়, তাহলে দিনান্তের এই স্থবিরতাকে ফাঁদ বলে মনে হতে পারে। কিন্তু তা ফাঁদ নয়। তা নেতৃত্বের ব্যর্থতা, যাকে ফাঁদ বললে নেতৃত্বের ত্রুটিকে মাফ করে দেওয়া যায়।

এশীয় তাজ্জব ও মাধ্যমিক ফাঁদের গল্প

১৯৯৩ সালে বিশ্বব্যাংক পূর্ব এশীয় তাজ্জব বা ইস্ট এশিয়ান মিরাকল নামে একখানা বই বের করে। অর্থনীতিবিদ পল ক্রুগম্যান তাঁর গবেষণায় দেখান যে ঠিক যেভাবে সোভিয়েত ইউনিয়ন সম্পদ আহরণ, অবকাঠামোর সম্প্রসারণ ও শিক্ষার বিকাশ ঘটিয়ে দ্রুত উন্নতি করেছে, পূর্ব এশীয় ব্যাঘ্র অর্থনীতিগুলোও সেটাই করেছে—এখানে তাজ্জবের রহস্য নেই। সে কথার সূত্র ধরে বলা যায়, হংকং, জাপান, তাইওয়ান, কোরিয়া ও সিঙ্গাপুর মধ্যম আয় থেকে উচ্চ আয়ের অর্থনীতিতে পৌঁছার পথে যদি ফাঁদের সাক্ষাৎ পেয়ে না থাকে, তাহলে অন্য দেশকে খামাখা ভয় দেখিয়ে লাভ কী? রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এই পঞ্চ দৃষ্টান্তের মতো শক্ত করতে না পারলে মধ্যম আয়ের যাত্রা মাত্রাহীনভাবে হবে প্রলম্বিত। তাকে ফাঁদের সংজ্ঞায় ফেলা যায় না।

২০০৪ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ জিওফ্রে গ্যারেট এক গবেষণায় দেখান যে মধ্যম আয়ের দেশগুলোর গতি অপেক্ষাকৃত মন্থর। ওরা পারে না উচ্চ আয়ের দেশগুলোর সঙ্গে প্রযুক্তির দৌড়ে, পারে না নিম্ন আয়ের দেশগুলোর সঙ্গে কম দামে জিনিস বেচার দৌড়ে। তাই ওদের প্রবৃদ্ধি যেন অশ্ব অক্ষাংশে পড়ে মন্থর হয়ে যায়।

এর তিন বছর পর বিশ্বব্যাংকের দুজন অর্থনীতিবিদ হমি খারাস ও ইন্ডেরমিট গিল গ্যারেটের ভাবধারা অনুধ্বনিত করে ‘মধ্যম আয়ের ফাঁদ’ কথাটি চালু করেন এক রচনায়। সে থেকেই বিশেষত আইএমএফ ও বিশ্বব্যাংকের অনেক অর্থনীতিবিদদের বয়ানে ‘ফাঁদ’ভীতির কীর্তন চালু হয়ে যায়—যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমরা অনেকে না বুঝেই সেই ‘ফাঁদ তত্ত্ব’-এ বিশ্বাসী ও অভ্যস্ত হয়ে পড়েছি।

দেশগুলোর আয়ভিত্তিক শ্রেণিবিভাগ

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সহযোগিতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ জানুয়ারিতে ঢাকা বেড়াতে এসে আমাদের সতর্ক করে গেছেন—বাংলাদেশ যেন মধ্যম আয়ের ফাঁদে আটকা না পড়ে। তাঁর কথায় আর্জেন্টিনা ও গ্রিসের মতো দেশ এ ফাঁদে ধরা খেয়েছে। কিন্তু তরতরিয়ে উচ্চ আয়ের বন্ধনীতে চলে গেছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ। শুধু তিনি নন, আরও অনেক অর্থনীতিবিদও এ রকম একটা ভৌতিক ফাঁদের ভয় দেখান। তাঁদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু তাঁদের এই ধারণার যে কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই, তা বুঝে নিতে বিশ্বব্যাংকের আয়ভিত্তিক দেশ বিভাজন দেখে নেই।

যে রাষ্ট্রে মাথাপিছু আয় ১,০৮৬ ডলারের কম, তা নিম্ন আয়ের অর্থনীতিতে হিসাবে পরিগণিত। মাথাপিছু আয় ১,০৮৬ থেকে ১৩,২০৫ ডলারের মধ্যে থাকলে তাকে মধ্যম আয়ের দেশ বলা হয়। মাথাপিছু আয় ১৩,২০৫ ডলারের ওপরে তুলতে পারলেই সে দেশ উচ্চ আয়ের বাসিন্দা। মধ্যম আয়ের প্রথম ধাপকে নিম্নমধ্যম আয় বলা হয়, যেখানে মাথাপিছু আয়ের বন্ধনী ১,০৮৬ থেকে ৪,২৫৫ ডলার। উচ্চমধ্যম আয়ের দেশ মানে তার মাথাপিছু আয় ৪,২৫৬ থেকে ১৩,২০৫ পর্যন্ত।

এ সংখ্যাগুলো সময়ে সময়ে বাড়ানো হয় মূলত মূল্যস্ফীতির কথা বিবেচনা করে। মধ্যম আয়ের ফাঁদ বলতে প্রায় ১ হাজার ১০০ থেকে ১৩ হাজার ডলারের মাথাপিছু আয়ের মধ্যে আটকে থাকার ঘটনাকে বোঝানো হয়েছে। মাঠের ব্যাঙ লাফাতে লাফাতে হঠাৎ কোনো কূপে আটকে যায়। আর লাফিয়ে উঠতে পারে না। সেটাকে ফাঁদে পড়া বলে। কিন্তু বিশ্বব্যাংকের সংজ্ঞায় মধ্যম আয়ের বিস্তৃত বন্ধনী সে রকম কোনো ফাঁদ নয়। এ এক বিশাল মালভূমি, যা অতিক্রম করতে বেশ সময় লাগে—অনেকটা অশ্ব অক্ষাংশ পাড়ি দেওয়ার মতো। ২৬ মাইল ম্যারাথনের এই দৌড় পর্বের মধ্যে কোনো ফাঁদের অন্বেষণ করা বিভ্রান্তিমাত্র।

কেন ফাঁদ বলে মনে হয়

মধ্যম আয়ের যাত্রা অতি দীর্ঘ হওয়ার কারণে একে ফাঁদ বলে মনে হয়। নিম্ন আয় থেকে যত তাড়াতাড়ি নিম্নমধ্যম আয়ে পৌঁছানো যায়, নিম্নমধ্যম আয় থেকে উচ্চ মাথাপিছু আয়ের সক্ষমতায় তত তাড়াতাড়ি পৌঁছা সম্ভব হয় না। এর কারণ দুটো। প্রথম কারণ মধ্যম আয়ের জন্য বিশ্বব্যাংকের বন্ধনীর ব্যাপক বিস্তৃতি। এই শ্রেণির বিস্তৃতি পামির মালভূমির মতো এত বিশাল কেন—তার বিজ্ঞানসম্মত উত্তর বিশ্বব্যাংকের কাছে নেই। ১ হাজার ১০০ ডলার আর ১৩ হাজার ডলারের মাথাপিছু আয়সম্পন্ন দুটো দেশের মধ্যে আকাশ–পাতাল পার্থক্য। কিন্তু কী কারণে ওরা উভয়েই মধ্যম আয়ের শ্রেণিভুক্ত, তা বোঝা গেল না। নেপাল, তাঞ্জানিয়া বা জাম্বিয়ার মতো ১১০০-১২০০ ডলারের মাথাপিছু আয়সম্পন্ন দেশগুলোকে রাশিয়া, বুলগেরিয়া বা চীনের মতো প্রায় ১২০০০-১৩০০০ ডলারের দেশ হতে অনেক সময় দিতে হবে। অথচ ওরা একই শ্রেণিভুক্ত।

দ্বিতীয় কারণ হচ্ছে মধ্যম আয়ে পৌঁছার পর প্রতিটি দেশে ব্যাপক কাঠামোগত পরিবর্তন সাধিত হয়—আমাদের জীবনের কৈশোরের মতো। এই পরিবর্তনের ঝুঁকি অনেক বেশি। সঠিক ও সবল প্রতিষ্ঠান গড়ে যে দেশ এই পরিবর্তন চালিত করতে পারে, সে দেশই তরতরিয়ে উচ্চ আয়ে পৌঁছতে পারে। অধিকাংশ দেশই এতে ব্যর্থ হয়। কারণ, কোনো দেশ মধ্যম আয়ে পৌঁছানোর সঙ্গেই সে দেশের ধনিক ও ক্ষমতাবানদের লুণ্ঠন প্রবণতা বেড়ে যায়।

নিম্ন আয়ের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক ও দুর্বল প্রবৃদ্ধির শিকার বলে সেখানে এই লুটপাটের সুযোগ থাকে না বা কম থাকে। আবার উচ্চ আয়ের দেশে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সবলতার কারণে সেখানে লুটপাট এতটা সহজ নয়। যত সুবিধা মধ্যম আয়ের দেশগুলোতে। আমাদের দেশের দিকে তাকালেও এর সাক্ষ্য মেলে। এই ‘রেন্ট সিকিং’ বা লুণ্ঠন, ব্যবসায়িক তস্করতা এবং রাজনৈতিক সাঙ্গপাঙ্গতা বা ‘ক্রৌনিইজম’–এর কারণে মধ্যম আয়ের যাত্রা শ্লথ হয় কিংবা কখনো আরও অধঃপতনে যায়। তাই একে ফাঁদ বলে মনে হয়।

বাংলাদেশ ফাঁদে পড়বে কি

বাংলাদেশের সামনে ধাপ দুটো—উচ্চমধ্যম আয়ের দেশ হওয়া, যার জন্য দরকার প্রায় ৪ হাজার ৩০০ ডলার মাথাপিছু আয় করা। তারপর উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া, যার জন্য দরকার হবে প্রায় সাড়ে ১৩ হাজার ডলার মাথাপিছু আয় অর্জন। বর্তমানের ২ হাজার ৮০০ ডলারের আয় নিয়ে ৫-৬ ভাগের মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির ওপর ভর করে এ দেশ ৭ থেকে ৯ বছরের মধ্যে উচ্চমধ্যম আয়ে পৌঁছাতে পারবে, যা ঘটবে ২০৩১ সালের পর।

কিন্তু উন্নত দেশ বা উচ্চ আয়ের দেশে পরিণত হতে কমপক্ষে ২৭ বছর সময় লাগবে, যদি মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি ধরা হয় ৬ ভাগ। যার মানে দাঁড়াচ্ছে, জনসংখ্যার বৃদ্ধি ১ দশমিক ৩ ভাগ ধরে জিডিপির প্রবৃদ্ধি হতে হবে ৭ দশমিক ৩ ভাগ। এ থেকে এক ভাগ কমিয়ে ধরলে উচ্চ আয়ের দেশ হতে ৩২ বছরের মতো সময় লাগবে। কে যে ২০৪১–কে উন্নত দেশ হওয়ার দিনক্ষণ ঠিক করে দিলেন, তার দেখা পেলে ধন্য হতাম।

২৭-৩২ বছরের হিসাবে মনে হচ্ছে বাংলাদেশ উচ্চ আয়ের দেশ হবে ২০৫১ সাল অর্থাৎ স্বাধীনতার ৮০ বছর পূর্তির বছর বা তার পর। কিন্তু মেধাভিত্তিক সবল প্রতিষ্ঠান গড়ে না তুললে এ মাহেন্দ্রক্ষণের আগমন হবে আরও বিলম্বিত। তখন কেউ কেউ একে ফাঁদের উপস্থিতি বলে কলঙ্ক দেবেন। হাজারটা বিষয়ের সমন্বয়ে গঠিত হয় জিডিপির প্রবৃদ্ধি—যাদের সব কটিকে ফাঁদে ফেলার কাজটা মোটেও সম্ভব নয়। তাই ফাঁদের ভীতিও বাংলাদেশের জন্য এক উদ্ভট রূপকথামাত্র।

  • ড. বিরূপাক্ষ পাল যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ডে অর্থনীতির অধ্যাপক