বেড়েছে লেবুর দাম, এক ডজনের দামে পাওয়া যাচ্ছে এক হালি
এই মাসেই শুরু হচ্ছে রোজা। বাজারে রোজার আগেই হঠাৎ লেবুর বাজার দাম চড়া। রাজধানীর বাজার কিংবা এলাকার ভ্যান—কোথাও ৫০ টাকার কমে ১ হালি লেবু পাওয়া যাচ্ছে না।
বাস্তবতা হলো, যে দামে কিছুদিন আগে এক ডজন লেবু পাওয়া যেত, এখন সেই দামে পাওয়া যাচ্ছে এক হালি লেবু। বিভিন্ন জাতের ১ হালি লেবুর দাম এখন ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। সে হিসেবে এক পিছ লেবুর দাম পড়ে সর্বনিম্ন ১২ টাকা ৫০ পয়সা। অন্যদিকে শসা পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা কেজি। তাই দুই পণ্যের ক্রেতাও কমেছে।
আজ মঙ্গলবার সরেজমিনে এই প্রতিবেদক রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, শেখেরটেক, আশকোনা ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখেন। বিক্রেতাদের দাবি, গত দুই সপ্তাহ আগ থেকেই বাজারে এই দুই পণ্যের দাম চড়া।
রমজান মাসে ধনী-গরিব নির্বিশেষে ইফতারে লেবুর শরবত অন্যতম প্রধান পানীয়। তবে রোজা শুরুর আরও প্রায় ১৭ দিন বাকি থাকলেও এখনই লেবুর চড়া দাম রোজায় ক্রেতাদের ভোগাতে পারে। এখন বাজারে এক হালি লেবুর চেয়ে তুলনামূলকভাবে সস্তা আলু, টমেটো, ফুলকপি, শিমসহ অন্যান্য বেশ কিছু সবজি।
রাজধানীর শেখেরটেকের গৃহিণী রাশিদা খাতুন গত সপ্তাহের শুরুর দিকে ৩০ টাকা হালি দরে লেবু কিনেছেন। তবে গতকাল কৃষিবাজারে গিয়ে দেখেন, লেবুর হালি ৭০ টাকা। রাশিদা খাতুন বলেন, এক হালি লেবুর দাম ৫০ টাকা পর্যন্ত বলেছি। তবে বিক্রেতা দিতে রাজি হয়নি। তাই আর লেবু কেনা হয়নি।
শেখেরটেকের ৪ নম্বর সড়কের খুচরা সবজি বিক্রেতা তরিকুল ইসলাম বলেন, আজ সকালে কারওয়ান বাজার থেকে আড়াই হাজার টাকায় ২০০ লেবু কিনেছেন। লেবুপ্রতি দাম পড়েছে ১২ টাকা ৫০ পয়সা। তাই এখন হালিপ্রতি ১০ টাকা লাভ করে ৬০ টাকা হালিতে বিক্রি করছি।
বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানেই কয়েক ধরনের লেবু পাওয়া যাচ্ছে। আকারে ছোট লেবুর দাম চাওয়া হচ্ছে ৫০ টাকা হালি। আকারে বড় হলেই হালিপ্রতি দাম হয়ে যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। বেশির ভাগ ক্রেতাকেই বাজারে লেবুর দাম নিয়ে বিক্রেতার সঙ্গে দর-কষাকষি করতে দেখা যায়। সব মিলিয়ে গত দুই সপ্তাহে লেবুর দাম হালিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিক্রেতা রুবেল হাওলাদার বলেন, দুই সপ্তাহ আগেও লেবুর হালি বিক্রি করেছেন ২০ থেকে ৩০ টাকায়। এখন লেবুর মৌসুম শেষ। তাই লেবুর দামও বেড়েছে। বেশির ভাগ চাষিই রোজায় ভালো দামের আশায় এখনো লেবু বাজারে বিক্রি করছেন না। সামনে যেহেতু রোজা, সেহেতু লেবুর দাম কমার থেকে বাড়ার সম্ভাবনা বেশি।
রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা চাকরিজীবী মোহাম্মদ শাহজালাল। সকালে কারওয়ান বাজারে সবজি কিনতে এসে দেখেন—লেবুর হালি ৭০ টাকা। পরে দামাদামি করে দুই হালি লেবু নেন ১২০ টাকা দিয়ে। মোহাম্মদ শাহজালাল বলেন, গত দুই সপ্তাহ আগে এক ডজন লেবু কিনেছেন ৬০ টাকা দিয়ে। আজ এক হালি লেবু কিনতে হয়েছে ৬০ টাকা দিয়ে।