নতুন বিনিয়োগ
দেশের কারখানায় তৈরি হবে সিঙ্গারের সামগ্রী
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন এ কারখানা গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ হবে প্রায় ৭৫০ কোটি টাকা।
এখন থেকে বাংলাদেশেই ইলেকট্রনিকের নানা সামগ্রী তৈরি করবে বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ। এ জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের বিনিয়োগে তৈরি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড) কারখানা করছে কোম্পানিটি। নতুন এ কারখানা তৈরিতে কোম্পানিটি বিনিয়োগ করবে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ৭৪১ কোটি টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে)।
রাজধানীর রেডিসন ব্লু হোটেলে গতকাল সোমবার নতুন এ কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করে সিঙ্গার বাংলাদেশ। অনুষ্ঠানে সিঙ্গারের কর্মকর্তারা জানান, নতুন কারখানাতৈরির ফলে বাংলাদেশের গ্রাহকেরা সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তির পণ্য কেনার সুযোগ পাবেন।
১ লাখ ৩৫ হাজার বর্গমিটার জায়গার ওপর গড়ে তোলা হবে কারখানাটি। এতে প্রায় চার হাজার মানুষের কর্মসংস্থান হবে। কারখানাটিতে তৈরি হবে সিঙ্গারের ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি।
গত ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির কাছ থেকে সিঙ্গার বাংলাদেশের মালিকানা কিনে নেয় তুরস্কভিত্তিক কোম্পানি আর্চেলিক। এটি তুরস্কের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ কচ হোল্ডিংয়ের একটি ফ্ল্যাগশিপ কোম্পানি। বিশ্বের ৫২টি দেশে ১২টি ব্র্যান্ডের পণ্য বিক্রি করে আর্চেলিক।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান, সিঙ্গারের মূল মালিকানা কোম্পানি কচ হোল্ডিংসের প্রেসিডেন্ট ফাতিহ কেমাল এবিচলিওগ্লু, আর্চেলিকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) জেমাল জান ডিনচার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিহাত বাইজ, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এইচ এম ফাইরোজ প্রমুখ।
অনুষ্ঠানে কচ হোল্ডিংসের প্রেসিডেন্ট ফাতিহ কেমাল এবিচলিওগ্লু বলেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান তরুণ জনসংখ্যা ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইলেকট্রনিক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আর সেই সুযোগই আমরা নিতে চাই। এ কারণে এ দেশেই পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কারখানা করার ফলে একদিকে ভোক্তাদের ভালো মানের পণ্য সুলভে দিতে পারব, অন্যদিকে অনেক মানুষের কর্মসংস্থানও হবে।’
আগামী বছরের মধ্যে এই কারখানায় উৎপাদন শুরু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। বছরে বিভিন্ন ধরনের ১৫ লাখের বেশি ইলেকট্রনিকসামগ্রী উৎপাদিত হবে কারখানাটিতে। উৎপাদিত এসব পণ্যে প্রথমে বাজারজাত করা হবে দেশের বাজারে। এরপর রপ্তানির সুযোগ থাকলে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।
আর্চেলিকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জেমাল জান ডিনচার জানান, ২০১৯ সালে সিঙ্গার বাংলাদেশ অধিগ্রহণের পর এ দেশে কারখানা তৈরিতে এটিই তাঁদের সবচেয়ে বড় বিনিয়োগ। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া সিঙ্গারের সামগ্রীর ৯০ শতাংশই এই কারখানায় উৎপাদন করা হবে। এ ছাড়া চাহিদা বাড়লে ভবিষ্যতে আরও বিনিয়োগের পরিকল্পনা আছে বলে জানান তিনি।
সিঙ্গার বাংলাদেশের এমডি এম এইচ এম ফাইরোজ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী ও অত্যাধুনিক প্রযুক্তির পণ্য বানানো হবে সিঙ্গারের নতুন এই কারখানায়। পরিবেশের সুরক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখেই কারখানাটি তৈরি করা হচ্ছে।