তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আগামীকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব জমা দেবে। গত সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব জমা দিয়েছে।
মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলে আভাস মিলেছে, মজুরি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অতীতের মতোই কৌশল নেবেন মালিকেরা। কৌশল হচ্ছে শুরুতে মালিকেরা কম মজুরি প্রস্তাব করবেন। পরে পরিস্থিতি বিবেচনা করে মজুরি বাড়াবেন।
গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করে তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করে মালিকপক্ষ। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব শ্রমিক আন্দোলন উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের আন্দোলন ও দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়েছে মালিকপক্ষ।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের এখন ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই নতুন মজুরিকাঠামো বাস্তবায়িত হয়। আগে পাঁচ বছর অন্তর মজুরি বোর্ড গঠিত হতো। বর্তমান বিএনপি সরকার শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সময়কাল কমিয়ে তিন বছর করেছে। সেই হিসাবে আগামী ডিসেম্বর মাস থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে।
বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের হালনাগাদ তথ্য অনুযায়ী, চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত ও তুরস্ক—এই সাত দেশেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে বেশি। দেশের ট্যানারি, জাহাজভাঙা, স মিল ও নির্মাণ—এই চার খাতে ন্যূনতম মজুরি পোশাকশিল্পের চেয়ে বেশি।
এইচঅ্যান্ডএম গ্রুপের তথ্যানুযায়ী, বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০২ মার্কিন ডলার। প্রতিবেশী দেশ ভারতে ন্যূনতম মজুরি ১২৪ ডলার। এ ছাড়া চীনে ২৯৪, কম্বোডিয়ায় ২০৮, ইন্দোনেশিয়ায় ১৭২, ভিয়েতনামে ১৬৩ ও পাকিস্তানে ১৩৫ ডলার।
মালিকদের প্রস্তাব ছিল অর্ধেক
সর্বশেষ ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেয়। এর বিপরীতে প্রায় অর্ধেক, অর্থাৎ ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব দেয় মালিকপক্ষ।
মালিকেরা এই কম প্রস্তাব দেওয়ার পরদিন থেকেই আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। মিরপুর, নারায়ণগঞ্জ, সাভার–আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন ছড়িয়ে পড়ে। তিন সপ্তাহের আন্দোলনে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চারজন পোশাকশ্রমিক মারা যান। ২০০ কারখানা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মালিকেরা। আন্দোলনের মুখে মালিকপক্ষ আগের প্রস্তাবের চেয়ে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। সেটিই পরে চূড়ান্ত হয়।
এবার মালিকেরা কত দিতে চান
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামীকাল সকালে বোর্ডের তৃতীয় সভায় মজুরি প্রস্তাব দেওয়ার বিষয়টি গতকাল শনিবার চূড়ান্ত করেছে মালিকপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মালিকপক্ষ নিজেদের মজুরি প্রস্তাব গত সপ্তাহেই চূড়ান্ত করেছে। এ জন্য গত বুধবার বিজিএমইএর সাবেক কয়েকজন সভাপতি সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর বর্তমান সভাপতি। সেখান থেকে সাবেক নেতাদের সমর্থন নিয়ে নেন তিনি। যদিও বাড়তি মজুরি ধাপে ধাপে বাস্তবায়ন এবং তার জন্য সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনাসহ বিভিন্ন দাবি জানালেও তাতে সায় দেননি সভাপতি।
এদিকে গতকাল বিজিএমইএ এবং বিকেএমইএর যৌথ মতবিনিময় সভা হয়। এতে মালিকদের কাছে জানতে চাওয়া হয়, ন্যূনতম মজুরি কত টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে? উত্তরে অধিকাংশ মালিক বলেন, ১৪ হাজার টাকা। তার বেশি হলে তাঁদের কারখানা চালানো কঠিন হয়ে যাবে। কারণ, মজুরি বাড়লেই ক্রেতারা পোশাকের দাম বাড়ান না।
বিজিএমইএর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেষ পর্যন্ত বিজিএমইএ ১৫ হাজার টাকার আশপাশের মধ্যে প্রাথমিক মজুরি প্রস্তাব দেবে। পরে দর–কষাকষিতে প্রয়োজনে তা বাড়ানো যেতে পারে। সে ক্ষেত্রে বাড়তি খরচ সামাল দিতে সরকারের কাছেও কিছু সুবিধা আদায়ের চেষ্টা করবেন মালিকেরা।
জানতে চাইলে আজ রোববার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা আগামীকাল মজুরি বোর্ডের সভায় মজুরি প্রস্তাব দেব।’ তবে কত টাকার প্রস্তাব দেবেন, সে বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে চাননি সভাপতি।