দেশে নয় রঙের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল আনল ইফাদ
নতুন ৯ রঙের মোটরসাইকেল নিয়ে এসেছে ইফাদ মোটরস। দেশের বাজারে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেলের এক বছর পূর্তি উপলক্ষে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের ক্ল্যাসিক ৩৫০ ও মিটিয়র ৩৫০ মডেলের নতুন রং ও বৈশিষ্ট্যযুক্ত সংস্করণ বাজারজাতকরণের ঘোষণা দেয় ইফাদ মোটরস।
আজ সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘দ্য নিউ চ্যাপ্টার বিগিনস’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ; ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকীন আহমেদ ও তাসফীন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজুল হক চৌধুরী। এ ছাড়া বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও মোটরসাইকেল কমিউনিটির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে ক্ল্যাসিক ৩৫০ ও মিটিয়র ৩৫০—এই দুটি মডেল নতুন রং ও বৈশিষ্ট্যে আনা হচ্ছে। দেশের ভূপ্রকৃতি ও স্থাপনা থেকে অনুপ্রাণিত হয়ে ক্ল্যাসিক ৩৫০ মডেলে যুক্ত হয়েছে ঢাকা অ্যাম্বার, কুমিল্লা ব্ল্যাক, রাজশাহী রেড ও সুন্দরবন গ্রিন—এই চারটি নতুন রং। পাশাপাশি মিটিয়র ৩৫০ মডেলের ফায়ার বল, স্টেলার, অ্যারোরা ও সুপারনোভা—এই চার ধরনের নতুন বৈশিষ্ট্যযুক্ত মোটরসাইকেল বাজারে আনা হচ্ছে। নতুন এই চার ধরনের মোটরসাইকেল মিলবে পাঁচটি আলাদা রঙে।
এক বছর পূর্তি উপলক্ষে ক্ল্যাসিক ৩৫০ মডেলের ‘বাংলাদেশ অ্যানিভারসারি এডিশনও’ বাজারে আনা হয়েছে। এ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৮ হাজার টাকা।
মিটিয়র ৩৫০ মডেলের ফায়ার বল, স্টেলার, অ্যারোরা ও সুপারনোভা—এই চার ধরনের মোটরসাইকেলের দাম ধরা হয়েছে ৪ লাখ ৮৬ হাজার টাকা থেকে ৫ লাখ ২৩ হাজার টাকা। তবে এক বছর পূর্তি উপলক্ষে নির্দিষ্টসংখ্যক মোটরসাইকেলে ১০ হাজার টাকা করে ছাড় দেওয়া হবে।
ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ বলেন, দেশে রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরুর এক বছরে ১৪ হাজারের বেশি রাইডিং পার্টনার সংগ্রহ করা সম্ভব হয়েছে। দেশে দীর্ঘ ২৫ বছর ধরে হাইওয়েতে স্বাচ্ছন্দ্যে ক্রুজিং উপযোগী মোটরসাইকেলের ঘাটতি ছিল। পাঁচ বছরের প্রচেষ্টার পর ২০২৪ সালে ব্র্যান্ডটি বাংলাদেশে আনা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছর বিশ্বব্যাপী রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের ১০ লাখের বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে। ৮০টি দেশে তাদের তিন হাজারের বেশি বিক্রয়কেন্দ্র রয়েছে। বাংলাদেশে রয়েছে প্রায় ২২টি বিক্রয়কেন্দ্র। মিটিয়র ৩৫০ মডেলে অ্যাসিস্ট্যান্ট স্লিপ ক্লাচ যুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো ফায়ার বল সিরিজে ডুয়াল চ্যানেল এবিএস ও রিয়ার ডিস্ক ব্রেকিং বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে আট একর জমির ওপর প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেলের সংযোজন কারখানা স্থাপন করেছে ইফাদ মোটরস। বছরে ৩০ হাজার মোটরসাইকেল সংযোজনের সক্ষমতা রয়েছে কারখানাটির। ইঞ্জিন ছাড়া বাকি যন্ত্রাংশ দেশেই সংযোজন করা হয়।