মিরসরাইয়ে সাড়ে তিন শ কোটি টাকায় বস্ত্র কারখানা করবে চীনের কোম্পানি

বেপজা অর্থনৈতিক অঞ্চলে তিন কোটি ডলার বিনিয়োগে বস্ত্র কারখানা স্থাপনের লক্ষ্যে বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি সই করেছে হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি রাজধানীর গ্রীন রোডে বেপজা কমপ্লেক্সে
ছবি: বেপজার সৌজন্যে

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বস্ত্র কারখানা স্থাপন করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড।

এই প্রকল্পে হুয়ারান টেক্স কোম্পানি তিন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬৬ কোটি টাকা।

সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও হুয়ারান টেক্স কোম্পানির মধ্যে এ–সংক্রান্ত একটি ভূমি ইজারা চুক্তি সই হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর এই কারখানা স্থাপন করা হবে। কারখানাটি পুরোপুরি চালু হলে এখানে বছরে ২৪ হাজার টন সুতা ও ২০ মিলিয়ন মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদন করা সম্ভব হবে। এর ফলে ৫৮০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও হুয়ারান টেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বেপজা বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বেপজা অর্থনৈতিক অঞ্চলে সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।