বস্ত্র খাতের সমস্যা সমাধানে বিরোধী দলের সহযোগিতা চাইলেন বিটিএমএর নেতারা

বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের আমন্ত্রণে আজ মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছবি: বিটিএমএর সৌজন্যে

বস্ত্র খাতের সমস্যা সমাধানে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে নীতিসহায়তার জন্য সহযোগিতা চাইলেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর শীর্ষ নেতারা।

বিরোধী দলের নেতার আমন্ত্রণে আজ মঙ্গলবার মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বিটিএমএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিরোধী দলের নেতার কাছে বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরে বিটিএমএর প্রতিনিধিদল। তারা বিরোধী দলের কাছে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিতকরণ, বস্ত্র খাতের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধ করতে প্রয়োজনীয় নীতিসহায়তার জন্য সহযোগিতা চায়।

সভার শুরুতে বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানান, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বস্ত্র খাত সম্পর্কিত সব ধরনের উদ্যোগ ও নীতিসহায়তা বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানে কার্যকর ভূমিকা রাখবেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে বস্ত্র খাতকে শক্তিশালী করা এবং দেশের রপ্তানি সক্ষমতা ও শিল্পভিত্তি আরও দৃঢ করা সম্ভব। বিটিএমএর প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বস্ত্র খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ–পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্ক এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়।

বিটিএমএর সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, বস্ত্র খাতের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে তাঁরা একাধিকবার বৈঠক করেছেন। কিছু সমস্যা ইতিমধ্যে সমাধান হয়েছে। অন্য সমস্যাগুলো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সভায় বিটিএমএর প্রতিনিধিদলে আরও ছিলেন সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ, বর্তমান পর্ষদের পরিচালক শাহিদ আলম, ইশতিয়াক আহমেদ, সাবেক পরিচালক মোশারফ হোসেন প্রমুখ। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুর মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মাইশা গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া প্রমুখ।