বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার
বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশ লিমিটেড। এ জন্য উৎপাদন সক্ষমতা বাড়ানো, স্থানীয় সরবরাহব্যবস্থা উন্নত করা এবং আমদানিনির্ভরতা কমাতে চায় প্রতিষ্ঠানটি।
রাজধানীর গুলশানে সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান হায়ারের কর্মকর্তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মকর্তারা জানান, ২০২০ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হায়ার। বর্তমানে গাজীপুরে নিজস্ব কারখানায় এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। চুক্তিভিত্তিক ব্যবস্থায় তৈরি করছে রেফ্রিজারেটর ও ফ্রিজার। এ ছাড়া এয়ারকন্ডিশনারের কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব ও বিভিন্ন কাঠামোগত অংশও স্থানীয়ভাবে তৈরি করছে তারা।
হায়ার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যান জিং বলেন, বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি দেশের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সল্যুশনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ‘‘মোর ক্রিয়েশন, মোর পসিবিলিটিজ’’– এই বিশ্বাস নিয়েই হায়ারের পথচলা।’
প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন পরিচালক আশরাফুল আলম জানান, শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকদের উন্নত সেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়াকেও তাঁরা গুরুত্ব দেন। তিনি বলেন, ‘আমাদের কাজ শুধু অ্যাপ্লায়েন্স বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। সর্বাধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আরও উন্নত জীবনযাপনের অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শেষ পর্যন্ত, কত পণ্য বিক্রি হলো, শুধু তা দিয়ে আমরা আমাদের সাফল্য বিচার করি না। বরং গ্রাহকদের কতটা ভালো সেবা দিতে পারছি এবং তাঁদের দৈনন্দিন জীবনে কতখানি স্বাচ্ছন্দ্য যোগ করতে পারছি, সেটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখতে চায় হায়ার বাংলাদেশ লিমিটেড।