ডিজেলের দাম কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য ডিজেলের দাম সমন্বয় চান ব্যবসায়ীরা। কারখানায় জেনারেটর ব্যবহারের জন্য কম দামে ডিজেল পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনটির সভাপতি ফারুক হাসান গত রোববার এ চিঠি দেন। এতে বলা হয়, লোডশেডিংয়ের কারণে কারখানায় উৎপাদন কার্যক্রম সচল রাখতে তাঁরা জেনারেটর ব্যবহারে বাধ্য হচ্ছেন। এতে ডিজেল বেশি লাগছে। বিশ্ববাজারে ডিজেলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয়ভাবে ডিজেলের মূল্য পুনর্নির্ধারণ করা হলে তৈরি পোশাকশিল্পসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে।

বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, কারখানা চালাতে পুরো সময় বিদ্যুৎ পাওয়া যায় না। জেনারেটর চালাতে গ্যাসের চাপও কম পাওয়া যায়।

এ জন্য ডিজেল কিনে জেনারেটর চালাতে হচ্ছে, যা উৎপাদন ব্যয় অনেক বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, ‘আমরা চাই, সরকার শুল্ক–করে ছাড় দিয়ে এবং কোনো মুনাফা না করে ডিজেল সরবরাহ করুক। কারণ, ব্যবসা করা সরকারের উদ্দেশ্য নয়। ডিজেলের দাম কমানো হলে শিল্পের উৎপাদন ও পরিবহন ব্যয় কমবে। সবাই উপকৃত হবে।’

জ্বালানি মন্ত্রণালয় গত আগস্টে প্রতি লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ডিজেলের দাম ১৩৪ টাকা নির্ধারণ করে। রেকর্ড এ মূল্যবৃদ্ধি নিয়ে ব্যাপক সমালোচনার পর প্রতি লিটারে পাঁচ টাকা কমানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ প্রথম আলোকে বলেন, চিঠির বিষয়টি তাঁর জানা নেই। এ জন্য তিনি মন্তব্য করতে চাচ্ছেন না।