তিন দিন পর আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা

সোনার অলংকারফাইল ছবি প্রথম আলো

বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। আজ মঙ্গলবার ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছে। আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকাল ১০টায় বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে তা সমন্বয় করা হয়েছে।

সংগঠনটি মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।

নতুন করে মূল্যবৃদ্ধির ফলে আজ থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা; সনাতন পদ্ধতির ক্ষেত্রে প্রতি ভরির দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা; ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

এর আগে ২২ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। সেদিন সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়। ফলে গত শনিবার ও আজ সোনার দাম বাড়ল ভরিপ্রতি ৭ হাজার ১১৫ টাকা।

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।

বিশ্ববাজারে কেন বাড়ছে

গত সপ্তাহের শেষে আন্তর্জাতিক বাজারে সোনার দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে। মার্কিন ডলারের দরপতন, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের মধ্যে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

সম্প্রতি রয়টার্সের সংবাদে বলা হয়েছে, গত সপ্তাহে সোনার দাম ২০০ দিনের গড় দাম ৪ হাজার ৫১৩ ডলার ছাড়িয়ে গেছে। গোল্ড প্রাইস ডটঅর্গের তথ্যানুসারে, আজ সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৬২৫ ডলার। অর্থাৎ, ২০০ দিনের গড় দামের চেয়ে ১১২ ডলার বেশি। সোনার দাম নিয়ে বাজারে আরও প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে সোনার দাম বাড়ছে।

সাধারণত অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বেড়ে যায়। কিন্তু এবার ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম উল্টো অনেক দিন কমেছে। এখন আবার বিভিন্ন কারণে সোনার দাম বাড়ছে।