মূলধনি যন্ত্রপাতিতে সর্বোচ্চ ৭১ দিন

এনবিআরের সমীক্ষায় দেখা গেছে, শুল্কায়নপ্রক্রিয়া শুরুর আগেই আমদানিকারকদের ৭২–৭৮ শতাংশ সময় চলে যায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানির পণ্য দ্রুত দেশে আনার জন্য আকাশপথকে বেছে নেন অনেক আমদানিকারক। পণ্য দেশের আসার পর খালাসের জন্য দিনের পর দিন চলে যায়। পণ্য খালাস করতে তাদের নানা ধাপ পেরোতে হয়।

একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ঢাকার বিমানবন্দর দিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানি করলে, ওই চালান খালাস করতে সর্বোচ্চ ৭১ দিন অপেক্ষায় থাকতে হয়। তবে ভাগ্য ভালো থাকলে যন্ত্রপাতি পাওয়া যেতে পারে তিন দিনেও। ঢাকার মতো চট্টগ্রাম বা বেনাপোল বন্দরেও মূলধনি যন্ত্রপাতি খালাস করতে বেশ সময় লাগে। বেনাপোল বন্দরে সর্বোচ্চ ৩৫ দিন এবং চট্টগ্রাম বন্দরে ৪৯ দিন সময় লাগে।

চট্টগ্রাম, বেনাপোল ও ঢাকার কাস্টম হাউসের ওপর সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে সমীক্ষা করেছে, তাতে এমন চিত্র উঠে এসেছে। এসব বন্দর দিয়ে প্রধান চারটি আমদানি পণ্য খালাসে কত সময় লাগে, সেটিই সমীক্ষার উদ্দেশ্য। পণ্য তালিকায় আছে খাদ্যপণ্য, ওষুধ, পোশাকের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি। গত মে মাসে ৮ হাজার ৮৬০টি বিল অব এন্ট্রি থেকে বাছাই করে ১ হাজার ২০৯টির ওপর এই গবেষণা করা হয়।

বন্দরে পণ্য পড়ে থাকলে ব্যবসায়ীর খরচ বাড়ে। তাড়াতাড়ি খালাস করতে পারলে তাঁরা লাভবান হন। উৎপাদনসক্ষমতা বেড়ে যায়। একটি দেশের সুষ্ঠু বন্দর ব্যবস্থাপনার ওপর ওই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের সফলতা নির্ভর করে।
আবুল কাসেম খান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার

সমীক্ষায় বলা হয়, বন্দরে পণ্য আসার পর বিল অব এন্ট্রি জমা থেকে শুরু করে কাগজপত্র দাখিল, পণ্যের চালান পরীক্ষা-নিরীক্ষা, মূল্যায়ন, শুল্ক-কর পরিশোধ এবং পণ্য খালাস, এই ছয়টি ধাপ সম্পন্ন করা হয়। তবে আমদানিকারকের কাগজপত্র সংগ্রহ ও জমা শুরুর আগেই সময় চলে যায় ৭২ থেকে ৭৮ শতাংশ। চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি করা পণ্যের চালান খালাসে শুল্কায়নপ্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে ১১ দিন ৬ ঘণ্টা ২৩ মিনিট, বেনাপোলে ১০ দিন ৮ ঘণ্টা ১১ মিনিট এবং ঢাকায় ৭ দিন ১১ ঘণ্টা ১৯ মিনিট লাগে।

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান প্রথম আলোকে বলেন, বন্দরে পণ্য পড়ে থাকলে ব্যবসায়ীর খরচ বাড়ে। তাড়াতাড়ি খালাস করতে পারলে তাঁরা লাভবান হন। উৎপাদনসক্ষমতা বেড়ে যায়। একটি দেশের সুষ্ঠু বন্দর ব্যবস্থাপনার ওপর ওই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের সফলতা নির্ভর করে।

তাঁর মতে, বাংলাদেশের বন্দরে পণ্য খালাসে সময় বেশি লেগে যাওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ব্যবসায়ীরা। প্রতিবেশী ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় দুই-তিন দিনে পণ্য খালাস হয়ে যায়। হংকং ও সিঙ্গাপুরের মতো উন্নত ব্যবস্থাপনাসম্পন্ন বন্দরে পণ্য খালাস হয় ২৪ ঘণ্টায়।

বেনাপোলে খাদ্যপণ্য দ্রুত খালাস হয়

সমীক্ষায় বলা হয়েছে, খাদ্যপণ্য খালাসে চট্টগ্রাম বন্দর ও ঢাকার বিমানবন্দর থেকে বেনাপোল বন্দর এগিয়ে আছে। বেনাপোল দিয়ে স্থলপথে কোনো খাদ্যপণ্যের চালান এলে তা খালাস করতে গড়ে ৫ দিন ১ ঘণ্টা ৩৩ মিনিট সময় লাগে। তবে এ সময়সীমা দেড় ঘণ্টা থেকে ১৮ দিন। অন্যদিকে খাদ্যপণ্য খালাসে চট্টগ্রামে ১৪ দিন এবং ঢাকার বিমানবন্দরে সাড়ে আট দিন লাগে। অন্যান্য পণ্যের তুলনায় খাদ্যপণ্য দ্রুত খালাস করতে হয়। নইলে পচে যেতে পারে কিংবা খাদ্যগুণ নষ্ট হতে পারে।

ওষুধে এগিয়ে ঢাকার বিমানবন্দর

ওষুধ খালাসে ওই তিন বন্দরের মধ্যে এগিয়ে আছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউস। এ বিমানবন্দর দিয়ে ওষুধ আনলে তা খালাস করতে গড়ে সাড়ে আট দিন সময় লাগে। বিপরীতে চট্টগ্রাম বন্দর দিয়ে ১৪ দিন ৫ ঘণ্টা ও বেনাপোল দিয়ে ৯ দিন ১৬ ঘণ্টা সময় লাগে। খাদ্য, ওষুধ, পোশাকের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতির মধ্যে ওষুধের চালান খালাস করতে সবচেয়ে কম সময় লাগে।

পোশাকের কাঁচামাল ও মূলধনি যন্ত্রে সময় বেশি

মূলধনি যন্ত্রপাতি আমদানি করে খালাস করতে বেনাপোল, চট্টগ্রাম ও ঢাকার কাস্টম হাউসে সময় লাগে যথাক্রমে ১২ দিন ১ ঘণ্টা, ১২ দিন ১ ঘণ্টা এবং সাড়ে ১২ দিন। এসব বন্দরে মূলধনি যন্ত্রপাতি খালাসে লাগে ১ দিন ৫ ঘণ্টা থেকে ৭১ দিন।

তবে আকাশপথে তৈরি পোশাকের কাঁচামাল আনলে অর্ধেক সময়ে ছাড়িয়ে নিতে পারেন পোশাক কারখানার মালিকেরা। ঢাকার কাস্টম হাউসে এ পণ্য খালাসে গড়ে সময় লাগে পাঁচ দিন পাঁচ ঘণ্টা। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে লাগে ১০ দিন এবং বেনাপোলে ১০ দিন ৩ ঘণ্টা সময় লাগে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুল্ক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় পদ্ধতিতে করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) চালু হবে শিগগিরই। অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব চালু হলে বন্দরে পণ্য খালাসে সময় আরও কমে যাবে।