গ্রেপ্তার দুই শ্রমিকনেতার মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন

গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সাধারণ সম্পাদক মো. ইলিয়াস ও সভাপতি সুলতানা বেগম।ছবি: জিবিজিডব্লিউএফের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার দুই শ্রমিকনেতা সুলতানা বেগম ও মো. ইলিয়াসের মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) ও ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ)।

সংগঠন দুটি গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। এই বিবৃতি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে উভয় সংগঠন। বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ন্যূনতম মজুরি অর্থবহভাবে পুনর্নির্ধারণের জন্য আয়োজিত একটি ওয়েবিনারে অংশ নেওয়ার পর গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এ সংগঠনটি প্রায় ৬৫ হাজার শ্রমিকের প্রতিনিধিত্ব করছে।

যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের এএএফএ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক শ্রম অধিকারবিষয়ক সংগঠন এফএলএ যৌথ বিবৃতিতে বলেছে, এই দুই শ্রমিকনেতা এখনো কারাগারে আটক রয়েছেন। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, তারা ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণে দ্রুত ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে আসছে। দুই শ্রমিকনেতাকে গ্রেপ্তার ও আটক রাখায় সেই প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দায়িত্বশীল পোশাক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেছে তারা।

এএএফএ এবং এফএলএ আরও বলেছে, ‘বাংলাদেশ সরকার যখন ন্যূনতম মজুরি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে, তখন আমরা সরকারকে শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর সংগঠন করার স্বাধীনতার অধিকারকে সম্মান করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এমন ন্যায্য মজুরির দাবির প্রতিও সম্মান দেখাতে বলছি, যাতে পোশাকশ্রমিকেরা নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারেন।’

শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের ওপর সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন বলেছে, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া চলাকালে এবং এরপরও সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি।

এর আগে বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা করার সুপারিশ করেছে এএএফএ। পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের এই সংগঠন বলেছে, ২০২৩ সালের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় করা হয়নি। অথচ এ সময় মূল্যস্ফীতি অনেকটা বেড়েছে। জ্বালানির উচ্চ মূল্যের কারণেও বাংলাদেশের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১৫ নভেম্বর লেখা চিঠিতে এএএফএ এই সুপারিশ করেছে। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার স্বাক্ষরিত চিঠিতে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার পাশাপাশি তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

গত সোমবার শ্রম ভবনে তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়। তারপর থেকে শিল্পাঞ্চলে আবারও উত্তপ্ত হয়। গতকাল বুধবার সাভার–আশুলিয়া, গাজীপুর ও ঢাকার মিরপুরে ৩৯৯টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১২৯ কারখানা। আর ২৭০টি কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে।