শিল্পাঞ্চলের বাইরের কারখানা ঋণ পাবে না, এমনটা চান না পোশাকশিল্পের মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সমিতি—বিজিএমইএ ও বিকেএমইএ এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমইএর নেতারা জরুরি বৈঠক করেছেন। এতে তাঁরা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, শিল্পাঞ্চলের বাইরের কারখানা ঋণ পাবে না, তৈরি পোশাকশিল্পকে আগামী পাঁচ বছর এমন বিধিনিষেধের আওতার বাইরে রাখা হোক। তা না হলে নতুন কারখানা গড়তে উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন বলেও শঙ্কা প্রকাশ করেন তাঁরা।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে গতকাল বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী, বিজিএমইএর সহসভাপতি মো. নাসির উদ্দিন, আব্দুল্লাহ হিল রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহসভাপতি মুনির হোসেনও অংশ নেন, তিনি বিজিএমইএর সাবেক পরিচালক। বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অর্থনৈতিক অঞ্চল বা সরকার কর্তৃক নির্ধারিত শিল্প এলাকা ছাড়া অন্য কোনো স্থানে নতুন শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ–সংযোগ ও গ্যাস সরবরাহ দেওয়া হবে না। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পপ্রতিষ্ঠানকে ঋণ দিতে পারবে না বাণিজ্যিক ব্যাংক।

এ বিষয়ে ব্যবসায়ীরা নেতারা বৈঠকে বলেন, বর্তমানে তীব্র ভূরাজনৈতিক–সংকট চলছে এবং এর প্রভাবে বৈশ্বিক বাণিজ্যে সৃষ্ট অস্থিরতায় তৈরি পোশাকশিল্প একটি সন্ধিক্ষণের মধ্যে রয়েছে। এ রকম পরিস্থিতিতে নতুন প্রজ্ঞাপন পোশাকশিল্পের সংকটকে আরও তীব্র করবে। উদ্যোক্তারা নতুন কারখানা গড়ে তুলতে নিরুৎসাহিত হবেন।

নেতারা আরও বলেন, বর্তমানে নির্ধারিত অর্থনৈতিক অঞ্চল বা সরকার নির্ধারিত অঞ্চলের বাইরে প্রতিষ্ঠিত পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই সম্প্রসারণ কাজ চলছে। আবার নতুন শিল্পকারখানা স্থাপনের কাজও চলমান। সে জন্য পোশাকশিল্পে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন কার্যকর করা হলে বিদ্যমান শিল্পকারখানার সম্প্রসারণ অথবা নতুন শিল্প প্রতিষ্ঠার চলমান কার্যক্রম ব্যাহত হবে। তাঁরা আগামী পাঁচ বছর পোশাকশিল্পকে এমন বিধিনিষেধের বাইরে রাখতে সরকারের প্রতি অনুরোধ জানান।

এ ছাড়া বৈঠকে তৈরি পোশাকশিল্পে শুল্ক, ভ্যাট, আয়কর–সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। শিল্পকে টেকসই করতে ও রপ্তানিতে প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখতে এনবিআর ও কাস্টমস বন্ড–সংক্রান্ত ব্যবসায়িক প্রক্রিয়াগুলো আরও দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানান তিন সংগঠনের নেতারা।

সভায় শিল্পোদ্যোক্তারা বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে সৃষ্ট বিভিন্ন কারণে পোশাকশিল্পের ব্যয় বহুগুণ বেড়ে গেছে। এ পরিস্থিতিতে পোশাকশিল্পে প্রযোজ্য উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশে নির্ধারণসহ সম্ভাব্য ক্ষেত্রগুলোয় ব্যয় কমানো হলে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় থাকবে। তাঁরা আশা করেন, আসন্ন বাজেটে এসবের প্রতিফলন ঘটবে।