মিরসরাইয়ে বাইসাইকেল ও টায়ার তৈরিতে ৩৫১ কোটি টাকা বিনিয়োগ
মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বাইসাইকেল ও টায়ার উৎপাদনের কারখানা স্থাপন করবে দুটি কোম্পানি। তারা মোট ৩ কোটি ৫১ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩৫১ কোটি টাকা (প্রতি ডলারের দাম ১০০ টাকা ধরে) বিনিয়োগ করবে। এখানে কর্মসংস্থান হবে প্রায় দুই হাজার মানুষের।
এ নিয়ে আজ বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে জমি বরাদ্দের চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। এর মধ্যে আট একর জায়গায় বাইসাইকেল কারখানা স্থাপন করবে সম্রাট কোল্ড স্টোরেজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পিনাকল বাইসাইকেল। আর ১০ একর জায়গায় টায়ার উৎপাদন কারখানা করবে সোয়ান ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি। তারা বিভিন্ন ধরনের যানবাহনের চাকা উৎপাদন করবে।
এ ছাড়া একই অনুষ্ঠানে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে জমি বরাদ্দের চুক্তি করেছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। প্রতিষ্ঠানটি পাঁচ একর জমিতে একটি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলবে।
বেজার পক্ষে সংস্থাটির নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আলী আহসান, সোয়ান ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ খান, পিনাকল বাইসাইকেলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইখতিয়ার খান ও বিটাকের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগবান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। এর মাধ্যমে এ দেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব হবে। এ ছাড়া জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণ হবে।