নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল
লোডশেডিংয়ে নাকাল দেশের হোসিয়ারি শিল্পকারখানা
লোডশেডিংয়ের কারণে নারায়ণগঞ্জের হোসিয়ারি কারখানাগুলোয় উৎপাদন কমে অর্ধেকে নেমেছে। এতে মালিক-শ্রমিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
নারায়ণগঞ্জ জেলা শহরের নয়ামাটি ৬ নম্বর এস এস রোড এলাকার বৃষ্টি টেক্সটাইলের মেশিন অপারেটর হারুন মিয়া এক মাস আগেও সপ্তাহে ১ হাজার ৮০০ পিস গেঞ্জি (টি-শার্ট) সেলাই করতেন। কিন্তু বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তা কমে ৯০০ পিসে, অর্থাৎ অর্ধেকে নেমে এসেছে। তাতে তাঁর মজুরিও কমে অর্ধেক হয়ে গেছে। আগে যেখানে সপ্তাহে সাত হাজার টাকা মজুরি পেতেন, সেখানে এখন পান সাড়ে তিন হাজার টাকা। কারণ, হারুন মিয়া বেতন পান পিস হিসেবে। আয় কমে যাওয়ায় পাঁচজনের সংসার চালাতে এখন ভীষণ হিমশিম খাচ্ছেন তিনি।
একই কারখানার লাইনম্যান মোহাম্মদ বাবুল জানান, লোডশেডিংয়ের কারণে তাঁরা এখন ক্ষমতা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না। ফলে আয় কমে গেছে। সে জন্য এসএসসি পরীক্ষার্থী মেয়ে, এক ছেলে ও স্ত্রী মিলিয়ে চারজনের সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছে তাঁর।
ওই কারখানায় সুইং, ওভারলক, লকসহ মেশিন আছে ২০টি। সে অনুযায়ী ঈদুল আজহার আগে মেশিন অপারেটরসহ কারখানাটিতে কাজ করতেন ২০ জন শ্রমিক। বর্তমানে কাজ করছেন মেশিন অপারেটরসহ ১০ জন। অন্যান্য কারখানাতেও এ ধরনের অবস্থা চলছে।
হোসিয়ারি খাতের উদ্যোক্তা–ব্যবসায়ীরা জানান, লোডশেডিং, কাঁচামালের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে উৎপাদন কমে গেছে। এতে তাঁরা আর্থিক সংকটে রয়েছেন। ফলে ব্যাংকের ঋণ ও কিস্তির টাকা পরিশোধে বিপাকে পড়েছেন। যখন-তখন লোডশেডিং হওয়ায় শ্রমিকেরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন।
হোসিয়ারি শিল্পে উৎপাদিত পণ্যের মাত্র ৩ শতাংশ রপ্তানি হয়। আর ৯৭ শতাংশ উৎপাদিত পণ্যই দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আগে একটি সোয়েটার উৎপাদনে খরচ পড়ত ১০০ থেকে ১৫০ টাকা। এখন পড়ছে ৩০০ টাকা। দাম এত বেড়ে গেলে দেশের মানুষ পণ্য কিনতে চাইবেন না।নাজমুল আলম, সভাপতি,বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন
অপারেটর হারুন মিয়া বলেন, নির্দিষ্ট সময়ে লোডশেডিং হলে অন্য কাজ গুছিয়ে রাখার সুযোগ পাওয়া যেত। রাতে ওভারটাইম করার সুযোগ থাকলেও রাত আটটায় সব বন্ধ হয়ে যাওয়ায় এখন কাজের সুযোগ নেই। ফলে আয়ে টান পড়েছে।
জানতে চাইলে বৃষ্টি টেক্সটাইলের মালিক ও বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক আবদুল হাই প্রথম আলোকে বলেন, প্রতিদিন দিনে দুই থেকে তিন ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে উৎপাদন অর্ধেকে নেমেছে। আগে সপ্তাহে ২০০ ডজন মাল উৎপাদন হলেও সেটি কমে ১০০ ডজনে নেমেছে। এতে উৎপাদনভিত্তিক মজুরির শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার চাহিদা অনুযায়ী উৎপাদন না হলেও বেতনভুক্ত শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হচ্ছে। এতে মালিকদের লোকসান গুনতে হচ্ছে।
নয়ামাটির ১১ নম্বর এস এস রোডে অবস্থিত অসীম টেক্সটাইল ৭০ বছর ধরে স্যান্ডো গেঞ্জি উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানের মালিক তাপস সাহা বলেন, সুতা, নিডেল, ডাইংসহ উৎপাদন ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা সংকটে রয়েছেন। উৎপাদন অর্ধেক কমে গেছে। বেচাকেনাও বেশ কমে গেছে।
মমতাজ মার্কেটের সোহেল হোসিয়ারির মালিক সোহেল ইসলাম প্রথম আলোকে বলেন, লোডশেডিংয়ের কারণে চাহিদা অনুযায়ী মাল উৎপাদন করা যাচ্ছে না। জেনারেটর দিয়ে উৎপাদন করা সম্ভব হচ্ছে না।
বন্ধন মার্কেটের লাকী-সুমন হোসিয়ারির মালিক আলমগীর হোসেন বলেন, হোসিয়ারি শিল্প পুরোটাই বিদ্যুৎনির্ভর। বিদ্যুৎ না থাকলে মালিক-শ্রমিক দুই পক্ষেরই আর্থিক ক্ষতি হয়। বিকেলে লোডশেডিং হলে অনেক সময় শ্রমিকেরা কাজ ফেলে বাড়ি চলে যান।
মনোরমা সুপার মার্কেটের রিতা প্রোডাক্টসের মালিক শওকত হোসেন জানান, তাঁর কারখানায় আগে প্রতিদিন ১০ ডজন গেঞ্জি (টি-শার্ট) উৎপাদন হলেও সেটি কমে ৩ ডজনে নেমেছে।
হোসিয়ারি অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, প্রায় ১০০ বছর আগে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় হোসিয়ারি শিল্পের যাত্রা শুরু হয়। পরে তা শহরের উকিলপাড়া, দেওভোগ এলাকায় ছড়িয়ে পড়ে। তখন হোসিয়ারি কারখানায় শুধু স্যান্ডো গেঞ্জি তৈরি করা হতো। বর্তমানে শহরের নয়ামাটি, উকিলপাড়া, দেওভোগ ছাড়াও বন্দর, সদরঘাটসহ বিভিন্ন এলাকায় মোট হোসিয়ারি কারখানা আছে ৮ হাজার ৫০০টি। এর মধ্যে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সদস্য ৩ হাজার ৫০০টি। নারায়ণগঞ্জের হোসিয়ারি কারখানাগুলোয় সব মিলিয়ে চার লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে হোসিয়ারি কারখানায় স্যান্ডো গেঞ্জি ছাড়াও অন্তর্বাস, ব্রা, টি-শার্ট, মোজা, মেয়েদের ফ্রক, প্লাজা, টুপি, মাফলার, সোয়েটারসহ বিভিন্ন পণ্য উৎপাদন হয়। উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। হোসিয়ারি শিল্পে বছরে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয়।
হোসিয়ারি কারখানাগুলো জানায়, ডিপিডিসি নয়ামাটি, আনন্দ হোটেল, প্লাস্টিকম্যান কোম্পানি পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে চারটা এক ঘণ্টা লোডশেডিংয়ের ঘোষণা দিলেও সকাল–বিকেল, সন্ধ্যা–রাতে বেশ কয়েকবার লোডশেডিং হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, নির্দিষ্ট সময়ে লোডশেডিং দেওয়া হচ্ছে না। যে সময়টায় কারখানার উৎপাদন হবে, সে সময়টাতেই লোডশেডিং দেওয়া হচ্ছে। আবার রাত আটটার পর দোকানপাট বন্ধ করে দেওয়ায় উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে। তাঁরা নির্দিষ্ট সময়ে লোডশেডিং দেওয়ার আহ্বান জানান, যাতে উৎপাদনের ক্ষতি না হয়।
এ বিষয়ে ডিপিডিসির প্রধান প্রকৌশলী শহীদুল মান্নান চৌধুরী প্রথম আলোকে জানান, তাঁরা শিডিউল অনুযায়ী লোডশেডিং দেওয়ার চেষ্টা করছেন। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম প্রথম আলোকে বলেন, লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, হোসিয়ারি শিল্পে উৎপাদিত পণ্যের মাত্র ৩ শতাংশ রপ্তানি হয়। আর ৯৭ শতাংশ উৎপাদিত পণ্যই দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আগে একটি সোয়েটার উৎপাদনে খরচ পড়ত ১০০ থেকে ১৫০ টাকা। এখন পড়ছে ৩০০ টাকা। দাম এত বেড়ে গেলে দেশের মানুষ পণ্য কিনতে চাইবেন না।