টানা দুই দিন কমার পর আজ বাড়ল সোনার দাম, ভরিতে ২২১৬ টাকা
টানা দুই দিন দাম কমার পর আজ বুধবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে; যদিও মূল বিষয় হলো বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের প্রতি ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতিভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। গত সোমবার কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। গতকাল মঙ্গলবার কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। ফলে তিন দফায় ভালো মানের প্রতি ভরি সোনার গয়নার দাম কমে মোট ৬ হাজার ৬৫ টাকা। এরপর আজ বাড়ল ভরিতে ২ হাজার ২১৬ টাকা।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এসেছিল। তারপর আবার বেড়ে যায়। সব মিলিয়ে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে সোনার বাজার।
বিশ্ববাজারে কী পরিস্থিতি
টানা কয়েক দিন বিশ্ববাজারে সোনার দাম কমেছে। ফলে গতকাল সোনার দাম সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আজ সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২২ ডলার বেড়েছে।
গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, আজ বেলা ১১টা ২৫ মিনিটে সোনার দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ১৭০ ডলার। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলারে উঠেছিল।
সামগ্রিকভাবে গত ৩০ দিনে সোনার দাম আউন্সপ্রতি ২০০ ডলার কমেছে। গত ছয় মাসে বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় ৫০০ ডলার।
সাধারণত অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বেড়ে যায়, কিন্তু এবার ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম উল্টো কমেছে। আল–জাজিরার সংবাদে বলা হয়েছে, সোনা সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে বিবেচিত হয়। তবে সুদের হার বাড়লে সোনার আকর্ষণ কমে যায়। কেননা, তখন সুদ পাওয়া যায়—বিনিয়োগকারীরা এমন সম্পদে বিনিয়োগে বেশি আগ্রহী হন।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক পোয়েজ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরিফ ওথমান আল–জাজিরাকে বলেন, ‘সোনা থেকে সুদ পাওয়া যায় না। তাই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার বাড়লে বিনিয়োগকারীরা সোনা থেকে মুখ ফিরিয়ে নেন। এতে সোনার দামেও প্রভাব পড়ে।’