ভোলার গ্যাস সিএনজি আকারে আসবে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বীপ জেলা ভোলা থেকে প্রাকৃতিক গ্যাস নিয়ে আসা হবে ঢাকার আশপাশের শিল্প এলাকায়। এ গ্যাস পরিবহন করে নিয়ে আসার কাজটি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। আগামী ১০ বছরের জন্য কোম্পানিটি এ কাজের দায়িত্ব পেয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কোম্পানিটিকে গ্যাস পরিবহনের কাজ করার জন্য সরকারের সঙ্গে চুক্তি করার একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ কথা জানান।

সাঈদ মাহবুব খান জানান, ইন্ট্রাকো রিফুয়েলিং প্রাথমিকভাবে পাঁচ এমএমসিএফডি গ্যাস পরিবহন করবে। এমএমসিএফডি হচ্ছে গ্যাসের দৈনিক কিউবিক ফুট। পরবর্তী সময়ে ২০ এমএমসিএফডি করে গ্যাস কম্প্রেসড (সংকুচিত) করে সিএনজি আকারে নিয়ে আসবে এ কোম্পানি।

গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম কত হবে আর ইন্ট্রাকোই–বা কত সেবা মূল্য নেবে, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়নি এবং কবে থেকে গ্যাস সরবরাহ শুরু হবে, সে বিষয়েও কিছু জানাননি সাঈদ মাহবুব খান।

তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, ভোলা থেকে গ্যাস কম্প্রেসড অবস্থায় সিলিন্ডারে পরিবহন করে ঢাকার আশপাশের শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ করবে ইন্ট্রাকো। প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য গ্রাহক পর্যায়ে পড়বে ৪০ থেকে ৫০ টাকা।

ভোলা থেকে গ্যাস আনাসহ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন পায়।

এদিকে শেয়ারবাজারে গত দুই দিনে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ারের দাম ১ টাকা ১০ পয়সা বা সাড়ে ৩ শতাংশ বেড়েছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম ৮০ পয়সা বা আড়াই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৬০ পয়সায়। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রায় সাড়ে ১৩ লাখ শেয়ারের হাতবদল হয়। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৩৬ লাখ টাকা।

ক্রয় কমিটির বৈঠক
এ ছাড়া সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আজ অনুমোদিত হয় চারটি প্রস্তাব। এগুলোর মধ্যে একটি ছিল খিলগাঁওয়ে র‌্যাব-৩ কমপ্লেক্স নির্মাণের কাজ। এ কাজ পেয়েছে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। এতে খরচ হবে ৪০ কোটি ৬৯ লাখ টাকা।

অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদপ্তর পাঁচটি র‌্যাব কমপ্লেক্স ও একটি র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় খিলগাঁওয়ে র‌্যাব-৩ কমপ্লেক্স নির্মাণের অবশিষ্ট কাজ নির্মাণ করবে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ নির্ধারিত চুক্তিমূল্যের মধ্যে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেনটেন্যান্স ড্রেজিং স্কিমের ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

ক্রয় কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬ হাজার ৭০ কোটি টাকা, যার পুরোটাই ব্যয় হবে সরকারি কোষাগার থেকে।