তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কমাবে বিদ্যুৎ খরচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ছিদ্রবিশিষ্ট সিরামিক ইট তৈরি করছে সানশাইন ব্রিকস লিমিটেড। এই কারখানায় ইট ছাড়াও উৎপাদিত হবে সিরামিক ব্লক। এ ধরনের ব্লক ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে কমাবে বিদ্যুৎ খরচ।

কোম্পানি-সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, পরিবেশের প্রতি বাড়তি মনোযোগের কারণে ভবিষ্যতে দেশের সিরামিক খাত নতুন পথে মোড় নেবে। সেই সম্ভাবনা কাজে লাগাতে সম্প্রতি সিলেটের হবিগঞ্জে সিরামিক ইট উৎপাদনের কারখানা চালু করেছে মিরপুর সিরামিক ওয়ার্কসের সহযোগী প্রতিষ্ঠান সানশাইন ব্রিকস। এই প্রতিষ্ঠানের অধীনে আছে খাদিম সিরামিকস নামের আরও একটি প্রতিষ্ঠান।

মিরপুর ও খাদিম সিরামিকসের পরিচালক হামজাহ তাবানী প্রথম আলোকে বলেন, ‘শুধু ব্যবসা করাই আমাদের উদ্দেশ্য নয়, এই শিল্পকে পরিবেশবান্ধব শিল্প হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। প্রযুক্তির ব্যবহার আমাদের এই উদ্যোগকে সহজ করছে। আশা করছি আগামী দিনে এই শিল্পে টেকসই প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে।’

হামজাহ তাবানী আরও বলেন, ‘কারখানায় উৎপাদিত বর্জ্য পুনরায় ব্যবহার করা হয়। আর ব্যবহৃত পানি পরিশোধন করে পুনর্ব্যবহারের উপযোগী করা হয়। পরিবেশবান্ধব এ কারখানায় উচ্চমাত্রার আগুনে ইট পোড়ানো হয়। তাতে ইটের মাপ যেমন হয় নিখুঁত; তেমনি রঙেও কোনো হেরফের হয় না। হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় বলে এসব ইট ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়াও পাচ্ছে।’

মিরপুর সিরামিকসের বিখ্যাত টেন-হোল ফেসিং ইট বর্তমানে সানশাইন ব্রিকসের কারখানায় উৎপাদিত হচ্ছে। মিরপুর সিরামিকসের পর সানশাইন ব্রিকসই গ্যাসে উৎপাদিত সিরামিকের ইট তৈরি করছে। উৎপাদনের পদ্ধতি আর ব্যবহারের দিক থেকে এই ইট কয়লায় উৎপাদিত ইটের চেয়ে অনেক বেশি পরিবেশবান্ধব বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

সানশাইন ব্রিকস গড়ে তোলার আগে মিরপুর সিরামিকসের অধীনে গড়ে তোলা খাদিম সিরামিকসের কারখানা সিলেটের খাদিমনগরে ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। আর মিরপুর সিরামিকসের যাত্রা শুরু হয়েছিল স্বাধীনতারও বেশ আগে, ১৯৫৮ সালে।
পুরোনো প্রতিষ্ঠান হিসেবে মিরপুর সিরামিকস ও খাদিম সিরামিকসের তৈরি পণ্য দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যবহার হয়েছে ও হচ্ছে। যেমন সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ এমনকি ঢাকা মেট্রোরেল প্রকল্পের সব স্টেশনে প্রতিষ্ঠান দুটির সিরামিকের তৈরি ইট, টাইলস, টাইল এডহেসিভ ব্যবহার করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।

দেশে ইট উৎপাদনের অনেক কারখানা রয়েছে, যেখানে কয়লা পুড়িয়ে ইট প্রস্তুত করা হয়। এসব ইট কারখানার কালো ধোঁয়া পরিবেশদূষণের অন্যতম উপাদান। অন্যদিকে পানি ও মাটির পুনর্ব্যবহার করার মতো ব্যবস্থাও এসব কারখানায় নেই। তাই পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখে জন্মলগ্ন থেকেই মিরপুর সিরামিকস পরিবেশের ভারসাম্য রক্ষা করে কাজ করছে। নতুন কারখানাগুলো গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশকে।

খাদিম সিরামিকসের উৎপাদিত ধোঁয়া ও তাপ পুনর্ব্যবহার করে সিরামিক টাইলসের ড্রায়ারে ব্যবহার করা হয়। এটি সিরামিক শিল্পকে পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের অন্যতম উদাহরণ। সানশাইন ব্রিকস সেই পথে আরেকটি পালক হিসেবে যুক্ত হয়ে দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।