প্রায় ৬০ ধরনের সিরামিক পণ্য উৎপাদন করে তাজমা।
বছরে উৎপাদিত পণ্যের বাজারমূল্য ১২ কোাটি টাকা।
ব্যাংকের দেনা শোধ করে লাভে ফিরেছে প্রতিষ্ঠানটি।
দেশের সিরামিকশিল্পে প্রথম পথ দেখানো প্রতিষ্ঠান তাজমা সিরামিক। ১৯৫৮ সালে যাত্রা করা প্রতিষ্ঠানটি চিনামাটির বাসনকোসন, চায়ের কাপসহ কয়েক ধরনের তৈজসপত্র তৈরি করত। একসময় পাকিস্তানজুড়ে তাদের সিরামিক পণ্যের সুনাম ছিল। কিন্তু ফার্নেস অয়েল–সংকটে লোকসানে পড়ে ২০০১ সালে কারখানা বন্ধ হয়ে যায়। প্রায় আট বছর পর গ্যাস–সংযোগ পেয়ে ২০০৯ সালে চীনের কারিগরি সহায়তায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
দেশের সবচেয়ে পুরোনো সিরামিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তাজমার রয়েছে প্লেট, কাপ, গ্লাস, জগ, মগ, বাটি, স্যুপ বাটি সেট, ফুলদানি, শোপিসসহ ৬০ ধরনের পণ্য। উৎপাদিত পণ্যের বাজারমূল্য বছরে প্রায় ১২ কোটি টাকা। এখানে কাজ করেন প্রায় ২৫০ কর্মী, যাঁদের বেশির ভাগই নারী।
তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরিফুজ্জামান বলেন, তাজমা সিরামিক ২০০৯ সালে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। ব্যাংকের দায়দেনা শোধ করে এখন লাভে আছে প্রতিষ্ঠানটি। তবে এখনো সংকট পুরোপুরি কাটেনি। আছে গ্যাসের সংকট। দিনে কারখানা চালুর সময় গ্যাসের চাপ ঠিকমতো থাকে না। এতে উৎপাদন ব্যাহত হয়।
দেশের প্রথম সিরামিকশিল্পের প্রতিষ্ঠান বগুড়ার তাজমা। প্রায় আট বছর বন্ধ থাকার পর ২০০৯ সালে নতুন করে যাত্রা শুরু করে।
বিড়িশ্রমিক থেকে কারখানার মালিক
তাজমা সিরামিকের প্রতিষ্ঠাতা প্রয়াত আবদুল জব্বার প্রামাণিক চল্লিশের দশকে কাজের খোঁজে নওগাঁর রানীনগর উপজেলার খাজুরিয়াপাড়া থেকে বগুড়া শহরে এসেছিলেন। চার ভাইয়ের মধ্য তিনি ছিলেন দ্বিতীয়। বড় ভাই তাজিম উদ্দিন ও মেজ ভাই মজিবুর রহমান বাড়িতে বাবার সঙ্গে কৃষিকাজ করতেন। সবার ছোট প্রয়াত আমজাদ হোসেন (বগুড়া জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি)।
পারিবারিক সূত্র জানায়, সংসারে অভাব থাকায় পড়াশোনা হয়নি জব্বারের। বগুড়ায় এসে প্রথমে ভান্ডারি বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ নেন। হাতে কিছু পুঁজি জমিয়ে দেশভাগের আগে নওগাঁর রানীনগরে ফিরে যান। অন্য তিন ভাইকে নিয়ে তিন বিঘা জায়গা কিনে বিড়ি কারখানা চালু করেন। তামাকের বদলে টেন্ডুপাতার বিড়ি। তাঁদের ‘কল্যাণবিড়ি’ ও ‘পাক বিড়ি’ উত্তরবঙ্গে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বিড়ির ব্যবসার লাভের টাকায় সিরামিক কারখানা করার উদ্যোগ নেন জব্বার। চার ভাইয়ের মালিকানায় ১৯৫৮ সালে বগুড়া শহরের কলোনি-বাজারসংলগ্ন এলাকায় সাতমাথা-শেরপুর সড়কের পাশে যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তানের প্রথম সিরামিক কারখানা। চার ভাইয়ের ইংরেজি নামের আদ্যক্ষর অনুসারে কারখানার নাম দেওয়া হয় ‘তাজমা’। শুরু থেকেই লিমিটেড কোম্পানি হিসেবে ব্যবসা পরিচালনা হতো। আবদুল জব্বার ছিলেন প্রতিষ্ঠানটির প্রথম ব্যবস্থাপনা পরিচালক।
ঘুরে দাঁড়ানোর গল্প
তাজমা সিরামিকের প্রতিষ্ঠাতা জব্বারের ছেলে শরিফুজ্জামান এখন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৭৪ সালে এসএসসি ও ১৯৭৬ সালে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর শেষে পারিবারিক ব্যবসার হাল ধরেন তিনি।
শরিফুজ্জামান বলেন, ১৯৮৫ সালে বাবা জব্বারের মৃত্যুর পর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হন আমজাদ হোসেন। তিনি ২০২০ সালে মারা যান। আমজাদের মৃত্যুর আগেই এমডির দায়িত্ব পড়ে তাঁর ওপর।
শরিফুজ্জামান বলেন, পঞ্চাশের দশকে পূর্ব পাকিস্তানে সিরামিক পণ্য উৎপাদনের নতুন ধারণা নিয়ে ফার্নেস অয়েলনির্ভর তাজমা সিরামিকের যাত্রা শুরু হয়। শুরুতে কারিগরি সহায়তা দেয় জাপানি প্রতিষ্ঠান নিচিম্যান ট্রেডিং কোম্পানি। তাঁরা কারখানায় থেকে উৎপাদনপ্রক্রিয়া তদারক করতেন। ফার্নেস অয়েল দিয়ে চলত উৎপাদন কার্যক্রম। চাহিদা বেড়ে যাওয়ায় পাকিস্তান সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে আরেকটি কারখানা চালু হয়। স্বাধীনতার পর ওই কারখানার নাম দেওয়া হয় ‘পিপলস সিরামিক ইন্ডাস্ট্রিজ’। প্রতিযোগিতায় টিকে থাকতে কারখানায় পণ্য উৎপাদনে প্রযুক্তিগত বেশ কিছু পরিবর্তন আনা হয়। ২০০১ সালে সরকার ফার্নেস অয়েলের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করলে উৎপাদন খরচ বেড়ে যায়। প্রতিযোগিতায় টিকতে না পেরে উৎপাদন বন্ধ হয়ে যায়।
তাজমার এমডি বলেন, বগুড়ায় গ্যাসের সংযোগ আসার পর ২০০৯ সালে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠানটি উৎপাদন শুরু করে। কারখানায় প্রতিদিন গড়ে ১১ হাজার পিস সিরামিক পণ্য উৎপাদিত হয়। মাসে উৎপাদন হয় গড়ে ৩৩ হাজার থেকে ৩৫ হাজার পণ্য, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মাফুজুল ইসলাম বলেন, দেশে সিরামিকশিল্পে প্রথম পথ দেখানো ‘তাজমা’ এখনো বগুড়ার শিল্প ঐতিহ্য ধরে রেখেছে।
ডলার–সংকটে কাঁচামাল আমদানি খরচ বৃদ্ধি
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, একসময় মাটি দিয়ে হাতেই তৈরি হতো দৈনন্দিন ব্যবহার্য এসব তৈজসপত্র। সময়ের বিবর্তনে সেই শিল্প এখন সিরামিকে রূপ নিয়েছে। এখন আধুনিক যন্ত্রে তৈরি হচ্ছে রঙিন কারুকার্যময় পণ্য। নির্মাণ, গৃহস্থালি ও শোভাবর্ধক কাজে এসব সামগ্রীর ব্যবহার বহুগুণ বেড়েছে। কয়েক দশকে এ শিল্পের প্রসারও ঘটেছে।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) সূত্রে জানা গেছে, বর্তমানে সিরামিকশিল্পের বাজার প্রায় পাঁচ হাজার কোটি টাকার। স্যানিটারিওয়্যার, টেবিলওয়্যার ও টাইলস সিরামিক এবং তৈজসপত্রসহ হরেক পণ্য উৎপাদন করছে প্রায় ৭০টি কারখানা।
তাজমা সিরামিকের এমডি বলেন, ভারত, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, নিউজিল্যান্ড, বুলগেরিয়াসহ বিভিন্ন দেশ থেকে সিরামিকশিল্পের কাঁচামাল আমদানি করতে হয়। সম্প্রতি ডলার–সংকট ও টাকার অবমূল্যায়নের কারণে কাঁচামাল আমদানির খরচ বেড়ে গেছে। এতে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। প্রতিযোগিতায় টিকে থাকতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এ শিল্পের প্রসারে কাঁচামাল আমদানিতে ভর্তুকি, চাহিদা অনুপাতে গ্যাস সরবরাহ এবং পণ্য উৎপাদনে যুগোপযোগী প্রযুক্তিগত সহায়তা দরকার।