রয়টার্সের প্রতিবেদন
পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন
দিনের আলো ফোটার আগেই ঘুম থেকে ওঠেন শিল্পী খাতুন। গ্যাস কেনার সামর্থ্য নেই তাঁর; তাই মাটির চুলায় কাঠ পুড়িয়ে রান্না করেন। তারপর ছুটতে হয় কারখানায়। কাজ করেন ঢাকার উপকণ্ঠে শিল্পাঞ্চল গাজীপুরের এক তৈরি পোশাক কারখানায়।
২৭ বছর বয়সী শিল্পী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর স্বামী বেকার। মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির ভরণপোষণের দায়িত্বও তাঁর কাঁধে। পাঁচ বছর ধরে পোশাক কারখানায় কাজ করলেও সংসারের অভাব ঘোচেনি। বরং নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দিন দিন কঠিন হয়ে উঠছে জীবনযাপন।
দুপুরের খাবারের জন্য ঘরের সামনে থেকে শাকপাতা তুলছিলেন শিল্পী। ভাতের সঙ্গে এই শাক দিয়েই সেদিনের খাবার সারতে হবে। নিজের কষ্টের কথা বলতে গিয়ে শিল্পী বলেন, ‘এখন সবকিছুর দাম বেশি। বাড়িভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দাম বেড়েছে। মাস শেষ হওয়ার আগেই সব টাকা শেষ হয়ে যায়।’
শিল্পীর এই সংকট তাঁর একার নয়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের হাজারো শ্রমিকের জীবন এখন এভাবেই চলছে। জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাঁদের আয় সেই অনুপাতে বাড়েনি। এ পরিস্থিতিতে ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।
মজুরি বাড়ানোর চাপ
মজুরি বৃদ্ধির দাবিতে গত সপ্তাহের আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নেয়। শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কয়েক শ পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
তবে শ্রমিকদের মজুরি বাড়ছে। ৪ নভেম্বর সরকারের গঠিত নিম্নতম মজুরি বোর্ড সিদ্ধান্ত নেয়, নতুন মজুরিকাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী, জানুয়ারি মাস থেকে শ্রমিকদের বর্ধিত বেতন পাওয়ার কথা। তবে মজুরি কতটা বাড়বে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশের শ্রমিকদের তুলনামূলক মজুরি কম। ফলে তৈরি পোশাক উৎপাদনের খরচও কম পড়ে। এই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক তৈরি করিয়ে নেয়। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ শিল্পে কাজ করেন ৪০ লাখের বেশি মানুষ।
তবে পোশাকশিল্পের উদ্যোক্তারা মনে করছেন, শ্রমিকদের মজুরি বেশি বেড়ে গেলে বাংলাদেশের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। তাঁদের আশঙ্কা, এতে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের উৎপাদন ব্যয়জনিত সুবিধা কমে যাবে। জ্বালানির উচ্চমূল্যের কারণে কারখানাগুলো এমনিতেই চাপে আছে। তার ওপর মজুরি এতটা বাড়লে কারখানাগুলোর মুনাফা কমতে পারে।
উদ্যোক্তারা বলছেন, শ্রমিকেরা মূল মজুরির বাইরে বছরে ৯ শতাংশ হারে বেতন বৃদ্ধি ও দুটি উৎসব বোনাস পান। ফলে মজুরি যে অনেকটা বেড়ে যাবে, সেই সুযোগ কম।
খাবার ও চিকিৎসায় কাটছাঁট
শ্রমিকদের কাছে অবশ্য এসব যুক্তির চেয়ে বড় বিষয় হলো, প্রতিদিনের সংসার চালানোর হিসাব। বাড়তি আয়ের সঙ্গে তাল মেলাতে না পেরে খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনা বাবদ খরচ কমাতে হচ্ছে তাঁদের।
শিল্পী খাতুন বলেন, এমন দিনও যায়, যেদিন তাঁদের কেবল মুড়ি খেয়েই দিন কাটাতে হয়। স্বামীর সঙ্গে ছোট একটি টিনশেড ঘরে থাকেন তিনি। তিন বছর ধরে শারীরিক নানা সমস্যায় ভুগলেও চিকিৎসকের কাছে যেতে পারেননি।
পাঁচ বছর আগে কারখানায় কাজ শুরু করার সময় তাঁর বেতন ছিল ৯ হাজার টাকা। এখন পান ১৩ হাজার ৫০০ টাকা। অতিরিক্ত সময় কাজ করলে আয় হয় প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু তা–ও যথেষ্ট নয়, পরের মাসের বেতন পাওয়ার আগেই তা শেষ হয়ে যায়।
২০২২ সাল থেকে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় বাড়ছে। এ সময় গড় মূল্যস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি । প্রথম দিকে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিই মূল্যস্ফীতির প্রধান কারণ হলেও পরবর্তীকালে খাদ্যবহির্ভূত পণ্যের দামও বেড়ে যায়। ফলে খেটে খাওয়া মানুষেরা চাপে পড়েছেন।
শুধু শিল্পী নন, আশুলিয়ার এক কারখানার ২৯ বছর বয়সী সেলাই কর্মী রোকসানা পারভীনেরও একই অবস্থা। দুই মেয়েকে নিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।
রোকসানা বলেন, ‘কোনো কিছু কেনার আগে দুবার ভাবতে হয়, এমনকি খাবার কেনার বেলায়ও। জানি, আমার মেয়েদের আরও ভালো খাবার খাওয়া উচিত। কিন্তু সেই সামর্থ্য আমার নেই।’
দুই মেয়েকে নিয়ে তাঁর সংসার চলে মূলত ভাত ও সবজি খেয়ে। মাংস–মাছ এখন তাঁদের কাছে বিলাসী খাবার। খরচ কমাতে এক মেয়েকে স্কুল থেকেও ছাড়িয়ে নিতে হয়েছে তাঁকে।