দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে ২,১৫৮ টাকা

প্রতীকী ছবি।গ্রাফিকস: প্রথম আলো

টানা কয়েকবার বৃদ্ধির পর আজ দেশের বাজারে সোনার দাম কমল। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা।

এর আগে গত সপ্তাহের মঙ্গল ও বুধবার টানা দুদিন সোনার দাম বাড়ানো হয়। সেই দুদিনে সোনার দাম বেড়েছে ৬ হাজার ৫৩২ টাকা। এরপর আজ সেই ধারায় ছেদ পড়ল।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম পড়ছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। সেই সঙ্গে আজ রুপার দামও কমানো হয়েছে।

বাজুস বলছে, দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় আজ দাম কমানো হয়েছে। তবে মূলত বিশ্ববাজারে দাম কমে যাওয়ার কারণে এই দাম কমানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউইয়র্কের স্থানীয় সময় ৬ এপ্রিল স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২৭ ডলার বেড়েছে।

বিশ্ববাজারে সোনার দাম এখন প্রতি আউন্স ৪ হাজার ৬৬০ ডলার। এর আগে সর্বশেষ যখন দেশের বাজারে দাম বাড়ানো হয়, তখন বিশ্ববাজারে দাম ছিল ৪ হাজার ৬৭৬ ডলার।

ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে সোনার দাম কমছে। গত ৩০ দিনে সোনার দাম আউন্সপ্রতি ৪১৯ ডলার কমেছে। সে কারণে ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এ দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছে। এরপর বিশ্ববাজারে দাম আবার বাড়ার কারণে ২৮ মার্চ থেকে দেশের বাজারে সোনার দাম কয়েক দফা বাড়ানো হয়। আজ দাম কমানোর মধ্য দিয়ে সেই ধারায় ছেদ টানল বাজুস।  

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি ও বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের অনুসন্ধান—সব মিলিয়ে সোনার দামে অনেক দিন ধরেই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম গত বছর ৭০ শতাংশের বেশি বেড়েছে।

বিশ্ববাজারে সোনার দাম কমছে

সোনার দাম এখন ঐতিহাসিকভাবে অনেকটাই বেশি। সে কারণে দেখা যাচ্ছে, ইরানের সঙ্গে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম কমেছে। তার সঙ্গে আছে ডলারের শক্তিবৃদ্ধি। ফলে বিনিয়োগকারীরা এখন মার্কিন বন্ডের দিকে ঝুঁকছেন।
সাধারণত সোনা ও ডলারের দাম একসঙ্গে বৃদ্ধি পায় না। এ দুটোর সম্পর্ক বিপরীতমুখী, তবে কখনো কখনো ব্যতিক্রম দেখা যায়। এখন সে রকম কিছু দেখা যাচ্ছে না।

গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।