আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা
টানা দুই দফা কমার পর আজ দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সোনার দাম বেড়েছে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। নতুন দাম আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে।
এ নিয়ে গত ছয় দিনের মধ্যে পাঁচবার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয় মোট ৩ হাজার ৮৪৯ টাকা। এরপর শুক্র ও শনিবার সোনার দাম টানা কমে। ওই দুই দিনে দাম কমে মোট ৭ হাজার ১১৫ টাকা। আজ আবার দাম বাড়ল।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
দাম বাড়ানোর আগে সোনার দাম ছিল এ রকম, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
বিশ্ববাজারে কী অবস্থা
বিশ্ববাজারে সোনার দাম সামগ্রিকভাবে কমছে। গতকাল নিউইয়র্কের বাজারে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ১১ ডলার ৯৪ ডলার। ফলে আউন্সপ্রতি সোনার দাম বেড়ে হয় ৩ হাজার ৮৯৯ ডলার। গত শনিবার বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ৩ হাজার ৮৭৫ ডলার।
সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। তবে এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বেড়েছে, ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার এটাই মূল কারণ। গত ৩০ দিনে সোনার দাম কমেছে ২৪১ ডলার; ছয় মাসে কমেছে ৬৩৫ ডলার।