পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন

আজ সকাল থেকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের নিচে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করছেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা চলছে। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বোর্ডের সদস্যরা উপস্থিত রয়েছেন। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি প্রস্তাব দেওয়ার কথা আছে।

সভা শুরুর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয় বোর্ডের চেয়ারম্যানের কাছে। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া আজ সকাল থেকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের নিচে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করছেন।

এদিকে সভায় সভাপতিত্ব করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এ ছাড়া উপস্থিত আছেন মজুরি বোর্ডে নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বৈঠকে বোর্ডের সদস্যরা উপস্থিত রয়েছেন
ছবি: প্রথম আলো

মজুরি বৃদ্ধির দাবিতে গত মাসে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। এরপর ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে সরকার। গত বুধবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর আজ হচ্ছে দ্বিতীয় সভা।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। গেজেট প্রকাশ হয়েছিল ২০২৩ সালের ১২ নভেম্বর, যা কার্যকর হয় একই বছরের ডিসেম্বরে। এর আগে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।