মিরসরাইয়ে সুতা কারখানা সম্প্রসারণে জমি নিচ্ছে মডার্ন সিনটেক্স
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও মডার্ন সিনটেক্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। গত বুধবার রাজধানীতে বেজার কার্যালয়ে এ চুক্তি সই হয়। চুক্তিটির আওতায় চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ৩ দশমিক ৭৫ একর জমিতে একটি হাই ভ্যালু পলিয়েস্টার ইয়ার্ন সুতা উৎপাদনকারী কারখানার সম্প্রসারণ করবে মডার্ন সিনটেক্স। এ জন্য তারা প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মডার্ন সিনটেক্স লিমিটেড দেশের অন্যতম শিল্পগোষ্ঠী টি কে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত টি কে গ্রুপের বর্তমানে ভোজ্যতেল, স্টিল গ্যালভানাইজিং, পার্টিকেল বোর্ড, চা, টেক্সটাইল, খাদ্যপণ্য, কনটেইনার ও প্যাকেজিং, কাগজ, জাহাজ নির্মাণশিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে। এর আগে এনএসইজেডে মডার্ন সিনটেক্স ও সামুদা ফুড প্রোডাক্টসের নামে জমি লিজ নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, দেশীয় শিল্পগোষ্ঠীর বিনিয়োগ বাড়ায় আমদানিনির্ভরতা কমছে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেজা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সুফিয়ান চৌধুরী বলেন, বেজার সহযোগিতায় এনএসইজেডে আধুনিক ও পরিবেশবান্ধব শিল্প স্থাপন করা হয়েছে এবং তা দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বেজার অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য সালেহ আহমদ এবং মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ১৫টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে এবং আরও প্রায় ২০টি প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে। প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে ওঠা এ শিল্পাঞ্চলে শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি নগর সুবিধারও উন্নয়ন করা হচ্ছে।