পোশাকশ্রমিকদের মজুরি কত হওয়া উচিত, সিপিডি মনে করে দর–কষাকষির সীমা ১৮-২৪ হাজার টাকা

আজ সকালে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’শীর্ষক সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে মূল প্রতিবেদন তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান, গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম প্রমুখছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরির দর–কষাকষি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত বলে মনে করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আজ বুধবার সকালে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’শীর্ষক সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে মূল প্রতিবেদন তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ। সেখানে এ কথা বলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান, গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম প্রমুখ।

নাজনীন আহমেদ বলেন, ‘দারিদ্র্যসীমা বিবেচনায় একজন শ্রমিকের জন্য প্রয়োজনীয় মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। আর জীবন ধারণের উপযোগী মজুরির (লিভিং ওয়েজ) পরিমাণ ২৪ হাজার ২০৪ টাকা। আমাদের মূল বক্তব্য হলো, মজুরি নিয়ে আলোচনা হওয়া উচিত এই দুটি অঙ্কের মধ্যবর্তী সীমার মধ্যে।’

নাজনীন আরও বলেন, ‘আমরা মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরির দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ এমন একটি মজুরি নিশ্চিত করা, যাতে শ্রমিকেরা পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন। আমরা মনে করি, মজুরি নির্ধারণের ক্ষেত্রে এই বৃহত্তর লক্ষ্যটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।’

নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ‘আমরা “দর-কষাকষি” শব্দটি ব্যবহার করতে চাই না; বরং দুই পক্ষের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের কথা বলছি।’

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের জন্য ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এরই মধ্যে দুটি সভা হয়েছে। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ থেকে ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। গত সোমবার তৃতীয় সভায় মালিকদের পক্ষ থেকে মজুরি প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা স্থগিত করা হয়। পরবর্তী সভা ২৩ নভেম্বর।

এদিকে গত এক মাসের বেশি সময় মজুরি বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের এখন ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই নতুন মজুরিকাঠামো বাস্তবায়িত হয়।