বাজাজের নতুন মডেলের মোটরসাইকেল বাজারে
বাজাজের নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে উত্তরা মোটরস। ডুয়েল চ্যানেল এবিএস প্রযুক্তিসহ ১৬০ সিসির নতুন মডেলের এই মোটরসাইকেল বর্তমানে উত্তরা মোটরসের পরিবেশকদের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে মোটরসাইকেলটির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান, বাজাজ অটোসের প্রধান নির্বাহী দিলীপ ব্যানার্জি, দক্ষিণ এশিয়া বিভাগের ব্যবস্থাপক সামীর মারদিকার প্রমুখ।
উত্তরা মোটরস জানিয়েছে, নতুন মোটরসাইকেলটিতে ডুয়েল চ্যানেল এবিএস ছাড়াও আছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও আন্ডারবেলি এগজস্ট। এ ধরনের প্রযুক্তি বাংলাদেশের মোটরসাইকেলের ১৬০ সিসি সেগমেন্টের মধ্যে প্রথম। ডুয়েল চ্যানেল এবিএস ফিচারটি মোটরসাইকেলের চাকা লক না হওয়া বা আটকে যাওয়া বা যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিয়ে কাজ করে।
এ ছাড়া ৩৭ মিলিমিটার সম্মুখ সাসপেনশন ও ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক প্রযুক্তি মোটরসাইকেলটির গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। নতুন এন১৬০ পালসারটি দুটি মেটাল রঙের আবহে তৈরি। পালসার এন১৬০ নামের নতুন এই মডেলের মোটরসাইকেলটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। গ্রাহকেরা এটি কিস্তি সুবিধায় কেনার পাশাপাশি দুই বছরের ওয়ারেন্টি ও চারবার ফ্রি সার্ভিসিং সুবিধা পাবেন।