সোনার দাম কমেছে ভরিতে ২২১৬ টাকা, এক ভরি কিনতে কত টাকা লাগবে
আজ দেশের বাজারে সোনার দাম কমেছে। কিন্তু তাতে খুব একটা স্বস্তি মিলছে না ক্রেতাদের। কেননা সোনার দাম এমনিতেই অনেক বেশি।
আজ দাম কমার পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না কিনতে গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। অর্থাৎ পাঁচ ভরি সোনার গয়না কিনতে খরচ হবে ১১ লাখ ৪ হাজার ২৯০ টাকা। কয়েক বছর আগেও যে টাকায় ছোটখাটো একটি ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দেওয়া যেত, এখন সেই টাকায় কিনতে হবে মাত্র পাঁচ ভরি সোনা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে এই দর কার্যকর হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৫০ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা।
বাজুস বলছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গতকাল সোনার দাম বাড়ানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। আগে গয়নার মোট দামের ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। এখন নির্ধারিত ভ্যাট সোনার দামের সঙ্গেই সমন্বয় করা হচ্ছে। ফলে গয়না কেনার সময় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া হবে না।
আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য অনেক বেশি। গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টায় স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৪২ ডলার, আগের দিনের তুলনায় যা ৩২ ডলার কম। তবে গত এক মাসের হিসাবে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী।
সোনার সঙ্গে কমেছে রুপার দামও। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হবে।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে সোনা। সেদিন একলাফে প্রতি ভরির দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। সেই রেকর্ডের তুলনায় এখন প্রতি ভরিতে দাম ৬৫ হাজার ১৪২ টাকা কম।