শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়ার দাবি বিজিএমইএর, শিল্প পুলিশ বলছে কম

তৈরি পোশাক কারখানাফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় শতভাগ তৈরি পোশাক কারখানাই শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দিয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। সংগঠনটি বলছে, ঢাকা ও চট্টগ্রামে তাদের সদস্যদের মধ্যে সচল থাকা ২ হাজার ১৫১টি কারখানার মধ্যে ২ হাজার ১৪৫টিই গত মাসের (মার্চ) বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেছে। ছয়টি কারখানা এখনো ঈদ বোনাস দেয়নি। তবে দেওয়ার বিষয়টি এখন প্রক্রিয়াধীন। এ ছাড়া চলতি মাসের আংশিক বেতন দিয়েছে, এমন কারখানার সংখ্যা ১ হাজার ৭৬৮টি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ঈদের আগে বেতন-ভাতা নিয়ে সমস্যা হতে পারে, এমন ৪৫০টি কারখানা নিবিড়ভাবে তদারকি করেছে বিজিএমইএ। এর মধ্যে ২৬টি কারখানার বেতন-ভাতা পরিশোধে বিজিএমইএ সরাসরি হস্তক্ষেপ করেছে। তারপরও চলতি মাসের ১৫-২০ দিনের বেতন ও বাড়তি ছুটির দাবিতে কিছু কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। তথাকথিত শ্রমিকনেতাদের ইন্ধনে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিজিএমইএ।

বিজিএমইএ শতভাগ কারখানার বেতন ও ৯৯ দশমিক ৭২ শতাংশ কারখানার বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি করেছে। কিন্তু শিল্প পুলিশ আজ বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান দিয়ে বলছে, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সাত শিল্পাঞ্চলে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের ২ হাজার ৩৩১টি কারখানার মধ্যে ১২ দশমিক ৭৪ শতাংশ বা ২৯৭টি এখনো শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেনি। এমনকি ৮৭টি পোশাক কারখানা এখনো শ্রমিকদের গত মার্চের বেতন দেয়নি।

তৈরি পোশাকের পাশাপাশি আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও কুমিল্লা—এই সাত অঞ্চলের অন্যান্য শিল্পকারখানাও পর্যবেক্ষণ করে শিল্প পুলিশ। তাদের তথ্যানুযায়ী, সাত অঞ্চলে ৯ হাজার ৬১৬টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ২৬ শতাংশ বা ১ হাজার ৭৫৬টি আজ বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত ঈদ বোনাস পরিশোধ করেনি। আর ৬ দশমিক ৭১ শতাংশ বা ৬৪৫ কারখানা শ্রমিকদের গত মার্চের বেতন দেয়নি।

শিল্প পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ২ হাজার ৮০৪টি শিল্পকারখানা ঈদের ছুটি দিয়েছে। তাতে ছুটি দেওয়া কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯১। তবে ঈদের ছুটিতেও ৭৯ কারখানায় উৎপাদন চলবে, এমন তথ্যও দিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের তদারকির মধ্যে থাকা ৯ হাজার ৬১৬টি কারখানার মধ্যে ২ হাজার ৩৩১টি পোশাক কারখানা। বস্ত্র কারখানার সংখ্যা ৩৫৮।

শিল্প পুলিশের তথ্যানুযায়ী, সাত অঞ্চলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য ১ হাজার ৬৩১ কারখানার মধ্যে ৫৬টি কারখানা আজ বেলা ২টা পর্যন্ত গত মাসের বেতন দেয়নি। আর ২৪৩ কারখানা এখনো শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেনি।

অন্যদিকে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্য ৭০০ কারখানার মধ্যে ৫৪টি আজ বেলা ২টা পর্যন্ত ঈদ বোনাস পরিশোধ করেনি। এখনো শ্রমিকের বেতন দেয়নি ৩১ কারখানা।

এ ছাড়া বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সদস্য ৩৫৮ কারখানার মধ্যে ১৩টি আজ বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত গত মার্চ মাসের বেতন দেয়নি। আর ঈদ বোনাস পরিশোধ করেনি ৬৩ কারখানা। অন্যদিকে ৮৩টি পাটকলের মধ্যে ৩৮টি আজ বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত বোনাস দেয়নি। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ৩৪৫ কারখানার মধ্যে ৫টিতে বোনাস বাকি।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের সদস্য কারখানায় বেতন-ভাতা নিয়ে সমস্যা নেই। যে কয়টাতে বাকি আছে, সেগুলো আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই দিয়ে দেবে।’

শিল্প পুলিশের তথ্যানুযায়ী বিজিএমইএর সদস্য ২৪৩ কারখানায় বোনাস ও ৫৬ কারখানার বেতন বাকি—এ বিষয়ে ফারুক হাসান বলেন, ‘হয়তো এই কারখানাগুলো আমাদের সংগঠনের সদস্য না।’