দীর্ঘ সময়ের জন্য কর অবকাশ চান ইলেকট্রনিক পণ্য উৎপাদক
দেশীয় ইলেকট্রনিক পণ্য খাতের বিকাশে ৭ থেকে ১০ বছরের জন্য কর অবকাশ–সুবিধা চান ব্যবসায়ীরা। একই সঙ্গে তাঁরা ফ্রিজার ও রেফ্রিজারেটরের উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দাবি করেছেন।
বর্তমানে ফ্রিজ ও রেফ্রিজারেটর খাতে কর অবকাশ–সুবিধা রয়েছে। এই সুবিধা চলতি অর্থবছর শেষ হবে। এ ছাড়া শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসিতে আগামী অর্থবছর পর্যন্ত কর অবকাশ–সুবিধা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
উদ্যোক্তারা বলছেন, কর অবকাশ–সুবিধা তুলে নিলে সরকার সর্বোচ্চ ২০ থেকে ৩০ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব পাবে। তবে এ খাতের কাঁচামাল আমদানি হ্রাস পাবে, পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে প্রতিযোগিতার ক্ষমতা ও কর্মসংস্থান হ্রাসের মাধ্যমে পুরো খাত সংকটে পড়বে। যা দেশজ উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি বাজার সৃষ্টির লক্ষ্যে গৃহীত সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন তাঁরা।
বর্তমানে ডলার–সংকটের পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে দেশের ইলেকট্রনিক পণ্য খাত প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছে। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশন, কম্পিউটার, গাড়ি ইত্যাদি পণ্যের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া উচিত। এ জন্য কাঁচামাল আমদানি ও স্থানীয় উৎপাদনে শুল্ক ও কর প্রদত্ত নীতি-সুবিধা স্বল্প সময়ের পরিবর্তে দীর্ঘমেয়াদি হতে হবে।
ইলেক্ট্রো মার্টের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নুরুল আফসার প্রথম আলোকে বলেন, দীর্ঘ মেয়াদে নীতি গ্রহণ করা হলে বিনিয়োগকারীরা চিন্তাভাবনা করে আগাতে পারেন। সে ক্ষেত্রে দেশীয় বিনিয়োগ ছাড়াও বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বেড়ে যায়। আর দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ খাতের সুবিধাগুলো আগের মতো বহাল রাখা উচিত বলে মনে করেন তিনি।