জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ৪০ কোম্পানি

জাপানিজ অর্থনৈতিক অঞ্চলছবি: সংগৃহীত

বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল। নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত এক হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলটি আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভায় গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

শেখ ইউসুফ হারুন জানান, পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১৫০ কোটি ডলার বিনিয়োগ হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি সেখানে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সঙ্গে যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে বেজা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাউয়াচি, জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক সালেহ আহমেদ, বেজার নির্বাহী সদস্য ইরফান শরীফ, আবদুল আজীম চৌধুরী, ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামানসহ অন্যরা।

সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগে এরই মধ্যে চুক্তি সই হয়েছে বিখ্যাত প্রতিষ্ঠান সিঙ্গার ও জার্মান কোম্পানি রুডলফের সঙ্গে। আরও ৪০টি কোম্পানি সেখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ৩০টি কোম্পানি জাপানের, বাকি ১০টি অন্য দেশের। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানের দিন জাপানের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সই হওয়ার কথা জানান তিনি। যদিও ওই দুটি কোম্পানির নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন বেজার এই নির্বাহী চেয়ারম্যান।

আরও পড়ুন

অন্য একটি সূত্র জানায়, জাপানের ওনদা করপোরেশন ও নিক্কা কেমিক্যালসের সঙ্গে আগামীকাল সরকারের চুক্তি হওয়ার কথা রয়েছে। কোম্পানি দুটি ১০ একর করে জমি বরাদ্দ পাচ্ছে। এর মধ্যে ওনদা করপোরেশন সেখানে গ্যাস মিটার উৎপাদন করবে আর নিক্কা তৈরি করবে রাসায়নিক।

জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে সরকার ও জাপানের শেয়ার কত শতাংশ, জানতে চাইলে শেখ ইউসুফ হারুন বলেন, অর্থনৈতিক অঞ্চলে বেজার ২৪ শতাংশ, জাইকার ১৫ শতাংশ ও সুমিতমো করপোরেশনের ৬১ শতাংশ শেয়ার রয়েছে। তিনি আরও বলেন, ‘উদ্বোধনের পর কোম্পানিগুলো কারখানার নির্মাণকাজ শুরু করতে পারবে। আশা করছি, এক বছরের মধ্যে সেখানকার কারখানা উৎপাদনে যাবে।’

আরও পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ নভেম্বর সরকারি-বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে ৫০টি শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ৪৩টি কারখানার উৎপাদন শুরু ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কারখানা ছাড়াও অর্থনৈতিক অঞ্চলের সড়ক, ভবন, বিদ্যুৎকেন্দ্রসহ ছয়টি অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সে সময় আরও একটি অর্থনৈতিক অঞ্চলেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।