দেশের বাজারে বাড়ল সোনার দাম, ভরিতে ২,২১৬ টাকা
দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। আজ মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে সোনার দাম আবার ভরিপ্রতি আড়াই লাখ টাকা ছাড়িয়ে গেছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা বেড়েছে।
এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার সর্বশেষ সোনার দাম সমন্বয় করা হয়। তখন ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
মূল্যবৃদ্ধির আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়; ২১ ক্যারেটের ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা; ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
গোল্ডপ্রাইস ডটকমের তথ্যানুযায়ী, আজ এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৮২৭ ডলার। সর্বশেষ যখন সোনার দাম সমন্বয় করা হয়, তার চেয়ে দাম এখন আউন্সপ্রতি ৮০ ডলার বেশি। এর পরিপ্রেক্ষিতে আজ দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলো।
সামগ্রিকভাবে গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৭৭ ডলার কমেছে। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে সোনার দাম কমেছে। এর কারণ হলো, সোনার দাম এমনিতেই বাড়তি। ২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।
এদিকে আজ রুপার দামও বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এর আগে ২২ ক্যারেটের রুপার দাম ছিল ভরিপ্রতি ৫ হাজার ৭১৫ টাকা। অর্থাৎ আজ রুপার দাম বেড়েছে ভরিতে ৩৫০ টাকা।
গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।